বলিউডে অভিষেক, উইন্ড অফ চেঞ্জ এ চমক
বলিউডের চলচ্চিত্রে গান করছেন কৌশিক হোসেন তাপস। এছাড়াও তার সংগীত পরিচালনায় ঈদে আসছে উইন্ড অফ চেঞ্জ-সিজন থ্রি।
শুধু গান নির্ভর বেসরকারি টেলিভিশন চ্যানেল গানবাংলা’র ‘উইন্ড অফ চেঞ্জ’ অনুষ্ঠানের মাধ্যমে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছেন কৌশিক হোসেন তাপস। আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে তার এই উদ্যোগ।
দেশের গণ্ডি পেরিয়ে এবার বলিউডে প্লে ব্যাক করতে যাচ্ছেন তিনি। রোববার মুম্বাই থেকে গ্লিটজকে এমন তথ্য জানালেন তাপস। বলিউডের সংগীত পরিচালক মিট ব্রাদার্স এর কম্পোজিশনে একটি চলচ্চিত্রের জন্য গান করছেন তিনি।
তিনি বলেন, “আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলাম। বলিউডকে ধন্যবাদ আমাকে এমন সম্মানের সাথে গ্রহণ করার জন্য। বলিউডের আগে আপাতত খুব বেশি কোন তথ্য দিতে পারছি না। সবার শুভকামনা প্রার্থনা রইলো।”
এদিকে, টানা দুই সিজনের সফলতার পর উইন্ড অফ চেঞ্জ এর নতুন সিজন শুরু হচ্ছে আসছে ঈদে। বাংলা গানের সঙ্গে বাজাতে এবার ২২ দেশের ৩৫জন মিউজিশিয়ানকে জড়ো করেছেন তাপস। কিংবদন্তী শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় অথচ দেশের বাইরে চলে যাওয়া শিল্পীদেরও নিজস্ব অর্থায়নে দেশে এনে গান করিয়েছেন তিনি।
শুধু তাই নয়, উইন্ড অফ চেঞ্জ এখন থেকে ‘মিউজিক ফর পিস’ এমন স্লোগানকে ধারণ করে বিশ্বে ছড়িয়ে দেবে বাংলা গান।
‘উইন্ড অফ চেঞ্জ’ এ মঞ্চসজ্জাসহ এটি নির্মাণে ক্যামেরার পেছনে কাজ করছেন গানবাংলা টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ফারজানা মুন্নি। রোববার তিনি গ্লিটজকে বলেন, “বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এসেছেন। তারা বলেছেন সারা বিশ্বে গানের জন্য এত বড় প্লাটফর্ম আর নেই। সংগীতের বিশেষ কোন ভাষা নেই, রং নেই। তারা বাংলা গানের সঙ্গে বাজাচ্ছেন, বাংলা গানের গভীরতা শুনে বিস্মিত হচ্ছেন। সারা বিশ্বে গানের মাধ্যমে শান্তির বার্তা পৌঁছে দিতে এখন থেকে ‘উইন্ড অফ চেঞ্জ’ এর সাথে মিউজিক ফর পিস যুক্ত হবে।”
‘উইন্ড অফ চেঞ্জ’ সিজন থ্রি তে ঈদ উল ফিতর উপলক্ষে ২০জন শিল্পীর গান প্রচারিত হবে। একইভাবে ঈদ উল আযহাতেও নতুন ২০জন শিল্পীর গান শুনতে পাবেন শ্রোতারা।
মুন্নি জানান, এ সিজনে প্রবীন শিল্পীদের মধ্যে যেমন গান করেছেন কাদেরী কিবরিয়া, রথীন্দ্রনাথ রায়ের মতো শিল্পীরা তেমনি দেশ ছেড়ে চলে যাওয়া শিল্পীদের মধ্যে বাংলাদেশে এসে গান করেছেন সাহানা বাজপেয়ী, লন্ডন থেকে এসেছেন শিরিন, উইনিংস ব্যাণ্ডের চণ্দন সহ ৪০জন শিল্পী।
উইন্ড অফ চেঞ্জ এর নতুন সিজন নিয়ে কেমন তৃপ্ত তাপস? উত্তরটা তার এমন, “আমি এখনও স্বপ্নের ভেতর আছি। যা হয়েছে তা একটা রূপকথার গল্পের চেয়ে বেশি।”
