টেলি সামাদের গানের জগত
কমেডিয়ান হিসেবে বেশিরভাগ দর্শক টেলি সামাদকে চিনলেও প্রায় ৪০টির বেশি চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন তিনি, আছে অ্যালবামও।
অভিনয়ে তার আবির্ভাব সত্তরের দশকে। অল্প সময়েই অভিনয়গুণে পোক্ত করেন নিজের অবস্থান। পরে আশির দশকের গোড়ার দিকে সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর অনুপ্রেরণায় গানের জগতে যাত্রা করেন তিনি। আগে থেকেই টুকটাক গান গাওয়ার অভ্যাস ছিল, অবসরে টুংটাং গিটারে সুর তুলতেন।
'পাঙ্কটেলি' শিরোনামে একটি অ্যালবামও প্রকাশ করে ফেলেন তিনি। সেটিই ছিল তার প্রথম ও শেষ অ্যালবাম।
“আশির দিকে বের করেছিলাম অ্যালবামটা। বেশ কয়েকটা গানের পাশাপাশি আমার কিছু কমেডিও ছিল অ্যালবামে। দারুণ সাড়া ফেলেছিল দর্শকদের মাঝে।”-গ্লিটজকে বলেন টেলি সামাদ।
এরপর আর কোনো অ্যালবাম প্রকাশ করেননি কেন?
কাজী হায়াতের ‘মনা পাগলা’ চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। ছবিটির ‘মনা পাগলা, মনা পাগল সবাই বলে, দুঃখ নাই আমার’ গানটা তার গাওয়া। ছবিতে নায়কের চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
“প্রায় চল্লিশটি চলচ্চিত্রের মিউজিক ডিরেকশন দিয়েছি। গান লিখেছি, অভিনয় করেছি। মনে যা চেয়েছে তাই করেছি। আমার গান সাবিনা ইয়াসমিনও গেয়েছি। ভারতেও গান করেছি।”
তার গাওয়া আরেকটি শ্রোতাপ্রিয় ‘দিলদার আলী আমার নাম, খেল দেখানোই আমার কাম’। গানটি ‘দিলদার আলী’ চলচ্চিত্রের। গানটিকে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নায়ক হিসেবেও অভিনয় করেন।
দেশের বাইরে নেপাল, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকায়ও স্টেজে গান করেছেন তিনি। স্মৃতিচারণ করলেন সেইদিনগুলির, “আমেরিকায় গেলে দর্শকরা অনেকবার ‘দিলদার আলী’ ‘দিলদার আলী’ বলে চিল্লায় দর্শকরা। নিজের গান নিয়ে শ্রোতাদের এই উচ্ছ্বাস সত্যিই আমার জন্য ভালোলাগার।”
মাঝখানে কয়েকটি ব্ছর নানা রোগে শয্যাশায়ী থাকায় গানের অনুষ্ঠানে দেখা যায়নি তাকে। অসুস্থতা কাটিয়ে বিরতির পর আবারও মাইক্রোফোন হাতে স্টেজে উঠছেন তিনি। চ্যানেল আইয়ের ‘আমার যত গান’ শিরোনামে একটি অনুষ্ঠানে নিজের পছন্দের দশটি গান নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন শিগগিরই। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদে।
