বিদেশিরা জানালেন ‘ইত্যাদি’ নিয়ে তাদের আবেগের কথা
প্রতিবারই ঈদ আয়োজনে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি’তে বিদেশীদের উপস্থিতিতে নানা অভিনয়ে বিনোদিত হন দর্শক। এবারও ঘটছে না তার ব্যতিক্রম। ইত্যাদিতে অংশগ্রহণকারী বিদেশীরা জানালেন ইত্যাদি নিয়ে তাদের আবেগের কথা।
দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেশের ইতিহাস, ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। প্রথম দিকে ইত্যাদিতে এ সংখ্যা ১০-১২ হলেও পরবর্তীতে এ সংখ্যা শতকে গিয়েও পৌঁছে।
তাই, ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছে হানিফ সংকেত ও ইত্যাদি দু’টি জনপ্রিয় নাম। ইত্যাদি ধারণের সময়টাতে অনেকেই নিজেদের ছুটি বাতিল করে অপেক্ষা করেন ইত্যাদির জন্য। এমন বিস্ময়কর ঘটনাই ঘটছে।
হানিফ সংকেত বলেন, “মাত্র কয়েকদিনের পরিচয়ে কয়েকদিনের মেলামেশায় বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন হয় তা কখনোই ভোলার নয়।”
পতুগার্লের নাগরিক জন ভ্যান রিজন বলেন-“ইত্যাদির শ্যুটিং এ এসে মনে হয় পিকনিকে এসেছি। ভালো লাগে হানিফ সংকেত এর সমাজ সচেতনতামূলক কাজ।”
আমেরিকান নাগরিক স্কট বলেন, “সুযোগ হলে আগামী বছরও শুধু ইত্যাদি করার জন্যই বাংলাদেশে আসবো।” স্পেনের নাগরিক রোসা বোরাজো বলেন, “অনেক গরম তারপরও ইত্যাদির কাজ করতে কোন ক্লান্তি আসে না।’ ইংল্যান্ডের নাগরিক ক্যাথরিন ডিকসন বলেন, ‘হানিফ সংকেতের সাথে কাজ করলে বোঝা যায় যে কোনদিন অভিনয় করেনি, তাকেও তার পক্ষে শিল্পী বানানো সম্ভব। তার প্রমাণ আমরা।’
ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
