২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিলারা জামানের মুখে মায়ের গল্প

পঁচাত্তর পেরোনো অভিনয়শিল্পী দিলারা জামান নাটক ও চলচ্চিত্রে মা’র চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। অভিনয়ের বাইরে ব্যক্তিগত জীবনেও সহশিল্পীরা ‘মা’ বলেই ডাকেন তাকে। মা দিবসকে ঘিরে নিজের মাকে নিয়ে স্মৃতিচারণা করলেন এ অভিনয়শিল্পী।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 08:50 PM

Updated : 11 Oct 2022, 12:20 PM

তার মায়ের নাম সিতারা বেগম চৌধুরানী। জন্ম নোয়াখালীর প্রত্যন্ত এক গ্রামে। পুতুল খেলার দিন ফুরানোর আগেই বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাকে। বয়স তখন সম্ভবত ১২। পাত্র রফিকউদ্দিন আহমেদ একজন প্রকৌশলী। স্বামীর চাকরির সুবাদে বিয়ের পর পশ্চিমবঙ্গের বর্ধমানে সংসার পাতেন তিনি। ১৯৪৩ সালে ১৫ বছর বয়সে মা হন সিতারা বেগম। কন্যার কাগুজে নাম, দিলারা জামান। ডাকনাম লিলি। ডাকনামের পেছনে একটা গল্পও আছে।

মায়ের মুখ থেকে শোনা গল্পটা গ্লিটজকে শোনালেন দিলারা জামান, “বর্ধমানে আমাদের বাসার সামনের চৌবাচ্চায় লাল শাপলা ফুটেছিল আমার জন্মের দিন সকালে। ওটা দেখেই আব্বা আমার নাম রাখলেন লিলি।”

চাকরির কারণে বাবা বাইরে থাকায় শৈশবের বেশিরভাগ সময় মায়ের সঙ্গেই কেটেছে তার। আর দশটা শিশুর মতো তার শৈশবও নানান গল্পে ভরপুর। স্মৃতি সেঁচে সেখান থেকে তুলে আনলেন খানিকটা, “ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। একদমই ভাত খেতে চাইতাম না। ভাত চোর আরকি! আম্মা বাইরে গেলেই জানালা দিয়ে ভাত ফেলে দিতাম। মা বলত, ভাত না খেলে শক্তি পাবে না তো। শক্তি না পেলে পড়ালেখা করবে কিভাবে?”

কৈশোরের কয়েকটা বছরকাটানোর পর বর্ধমানে ছেড়ে পরিবারের সঙ্গে আসানসোলে ছিলেন কিছুদিন তিনি। দেশভাগের বছরে ফিরে আসেন যশোরে। পরে ১৯৫৩ সাল থেকে বাবা-মার সঙ্গে থিতু হন ঢাকায়।

কৈশোরে মায়ের অনুপ্রেরণায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন তিনি। ফুসরত পেলেই মায়ের সঙ্গে সিনেমা দেখতে বেরুতেন। সুচিত্রা সেন, অরুন্ধতী মুখোপাধ্যায়ের সিনেমাগুলো তখন ঢাকায় মুক্তি পেত।

পরবর্তীতে কলেজ জীবনে নিজেও জড়িয়ে পড়েন অভিনয়ের সঙ্গে। কলেজে মঞ্চনাটক করতেন। মায়ের সহযোগিতা ছাড়া কোনোভাবেই অভিনয়ে যুক্ত হতে পারবেন না বলে জানালেন বর্ষীয়ান অভিনয়শিল্পী।

বললেন, “কলেজে নাটকের রিহার্সেল শেষ হতে প্রায় রাত ১০টা বাজত। তখন মা সহযোগিতা না করলে অভিনয়ে কখনোই আসা হত না। নোয়াখালীর গণ্ডগ্রামে জন্ম নিয়েও মা অত্যন্ত আধুনিক ছিলেন। মেয়েকে নাচে-গানে-অভিনয়ে পারদর্শী করার আগ্রহ ছিল তার। নিজের জীবনে যে অপূর্ণতাগুলো ছিল সেটা মেয়ের মধ্য দিয়ে তুলে আনতে চেয়েছেন।”

তবে মায়ের অপরিমেয় এ ভালোবাসাকে পুরোপুরি অনুধাবন করতে অনেকটা সময় লেগেছে বলে জানান তিনি।

“আমি যেইদিন মা হলাম সেইদিন বুঝলাম মা হওয়ার কষ্ট। নিজের সন্তানকে ধারণ করতে গিয়ে মায়ের উপলব্ধিটা বুঝেছি। তারপর থেকে মায়ের প্রতি ভালোবাসাটা আরও গভীর হয়েছে। এরপর আর জ্ঞানত কখনোই মাকে কষ্ট দিতে পারিনি।”-বললেন ৭৫ বছর বয়সী এ সন্তান। 

মাকে হারিয়েছেন ১৯৭৬ সালে, ক্যান্সারে। তার বয়স ছিল তখন ৫৩। মৃত্যুর শেষ দিন অবধি মায়ের পাশেই ছিলেন লিলি।

বলেন, “মায়ের জীবনের শেষদিন পর্যন্ত মায়ের সেবা করতে পেরেছি-এটাই আমার জীবনের সেরা পাওয়া বলে মনে করি।”