২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃণাল সেনের জন্মদিনে ‘মৃণালপাঠ’ ও চলচ্চিত্র প্রদর্শনী

বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনের ৯৬তম জন্মদিনে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনার আয়োজন করেছে মুভিয়ানা ফিল্ম সোসাইটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2018, 08:22 PM

Updated : 08 Apr 2022, 06:22 PM

১৪ মে ৯৬ বছরে পদার্পন করতে যাচ্ছেন নির্মাতা মৃণাল সেন। জীবন্ত এ কিংবদন্তীর জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে চলচ্চিত্র সংগঠন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও তার চলচ্চিত্রকর্ম নিয়ে ‘মৃণালপাঠ’ শিরোনামে বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে সংগঠনটি। 

অনুষ্ঠানমালায় প্রদর্শিত হবে এ নির্মাতার দুটি চলচ্চিত্র। বিকাল ৩টায় ‘কলকাতা ৭১’  ও বিকাল ৪টা ৩০মিনিটে চলচ্চিত্র ‘একদিন প্রতিদিন’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল কালচারাল ডিজিটাল আর্কাইভে।

একই স্থানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘মৃণালপাঠ’ শিরোনামে মৃণাল সেনের জীবন ও সৃষ্টিকর্ম বিষয়ে আলোচনা করবেন চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র গবেষক ও লেখক অধ্যাপক ড. নাদির জুনাইদ, চলচ্চিত্র সমালোচক জাঈদ আজিজ এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

অনুষ্ঠানটি প্রসঙ্গে মুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন বলেন,  “বাংলাভাষার চলচ্চিত্রে বিশ্বব্যাপি কিংবদন্তী হয়ে আছেন তিনজন পুরোধা চলচ্চিত্রকার। তাদের অন্যতম হলেন মৃণাল সেন। অপর দুইজন হলেন বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এবং ঋত্বিক কুমার ঘটক। সত্যজিৎ রায় এবং ঋত্বিক কুমার ঘটক প্রয়াত হয়েছেন। আমাদের মাঝে আছেন মৃণাল সেন। বিশ্বব্যাপি চলচ্চিত্র বিদ্যায়তনগুলোতে মৃণাল সেনের চলচ্চিত্র অবশ্যপাঠ্য হয়ে উঠেছে। কীর্তিময় জীবনের এক ঐতিহাসিক ক্ষণ ১৪ মে। তাই এ দিনটি উদযাপনে আমাদের এ বিশেষ উদ্যোগ।”

ম্যুভিয়ানা জানায়, আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকছে।

১৯২৩ সালের ১৪ মে তৎকালিন পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন নির্মাতা মৃণাল সেন। পূর্ব বাংলায় তিনি তার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পড়ালেখা সম্পন্ন করে দেশভাগের পর পশ্চিম বাংলার কলকাতায় স্থায়ী হন। পরবর্তীকালে তিনি ভারতীয় চলচ্চিত্রের যুগ পরিবর্তনের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন। ভারতীয় চলচ্চিত্রের নবতরঙ্গের প্রধান পুরোধা হিসেবে আজ তিনি নন্দিত হয়ে আছেন।