রবীন্দ্রজয়ন্তীতে তিনদিনব্যাপী প্রদর্শিত হবে ‘ভুবন ভরা সুর’
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে প্রদর্শিত হবে শবনম ফেরদৌসী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘ভুবন ভরা সুর’।
রবীন্দ্র সংগীতের বাণী ও দর্শন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ভুবন ভরা সুর’-এর তিনদিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে উদ্যোগটি গ্রহণ করেছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।
মেঘনা গুহঠাকুরতা ও সিপ্রা বোসের প্রযোজনায় শবনম ফেরদৌসী পরিচালিত প্রামাণ্যচিত্রটি নির্মিত হয় ২০০৮ সালে। ২০০৯ সালের মার্চে এটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। লেজার ভিশনের ব্যানারে সিডি আকারে প্রকাশিত প্রামাণ্যচিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়। সে বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় এটি।
প্রামাণ্যচিত্রটি সম্পর্কে শবনম ফেরদৌসী গ্লিটজকে বলেন, “প্রখ্যাত অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক আনিসুর রহমানের ওপর এ প্রামাণ্যচিত্রটি করতে আমাকে অনুরোধ করেন মেঘনা গুহঠাকুরতা ও সিপ্রা বোস। তারা তার ছাত্রী ছিলেন। রবীন্দ্রনাথকে নিয়ে তার চিন্তা ও দর্শনগুলো ধরে রাখতে এ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করি আমি। প্রামাণ্যচিত্রটি নির্মাণকালীন সময়ে প্রায় পনেরো-বিশদিন রবীন্দ্রনাথের বাণী, কথা তার ব্যাখ্যা, মানবজীবন- তাতে আশ্রয় খোঁজা সর্বোপরি জাগতিকতার উর্ধ্বে এক চিন্তা ভ্রমণের ভেতর দিয়ে আমি যাই। নির্মাতা হিসেবে আমারও অনেকখানি উত্তরণ ও নির্বাণ লাভ ঘটেছে এটি নির্মাণের মধ্য দিয়ে। এ ছবিটা যারা দেখেছেন তারাও আমার মতোই একই অনুভূতির মধ্য দিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথের প্রেম, আধ্যাত্মবাদ ও জীবনদর্শণের স্পর্শ পেয়েছেন।”
তিনি আরও বলেন, “আমার নির্মিত প্রামাণ্যচিত্রগুলোর মধ্যে এটির ব্যাপারে আমি প্রচুর ইতিবাচক সাড়া পেয়েছি। আগ্রহ পেয়েছি। এখনও মানুষ এটি দেখতে চান। তারই প্রেক্ষিতে প্রামাণ্যচিত্রটি প্রদর্শনের জন্য জাতীয় জাদুঘরের মহা পরিচালকের কাছে অনুরোধ জানাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রামাণ্যচিত্রটি দেখার জন্য।”
জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে প্রতিদিন বিকেল ৩টায় প্রদর্শিত হবে ৫৬ মিনিট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রটি।
