আবারও অভিনয়ে তাজ্জি
বিরতির পর আবারও নাটকে অভিনয় করছেন ছোটপর্দার অভিনয়শিল্পী সৈয়দা তাজ্জি। নির্মাতা সাগর জাহানের ‘মনোফোবিয়া’ নামে একটি নাটকে কাজ করবেন তিনি।
গ্লিটজকে তাজ্জি জানান, চলতি মাসের ১১ ও ১২ তারিখে নাটকটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। তাজ্জি ছাড়াও এতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও মাহফুজ আহমেদ।
তিনি বলেন, “নাটকের গল্পটা একেবারেই আলাদা। গল্পটা এখনই বলতে চাচ্ছি না। তবে এতটুকু বলে রাখি, আমার আর তিশা আপুর চরিত্র দুটো প্যারালাল।”
বছর সাতেক আগে স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি দিয়েছিলেন ছোটপর্দার এ অভিনেত্রী। কন্যা আর স্বামীকে নিয়ে সিডনীতে সংসার পেতেছেন। দেশ ছাড়লেও অভিনয়টাকে ছাড়তে পারেননি। সুযোগ পেলেই নাটক আর উপস্থাপনা করছেন।
পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। পোস্ট গ্রাজুয়েট করছেন সিডনির ইউনিভার্সিটি অব টেকনোলজিতে।
সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। থাকবেন মাস দুয়েক। জুলাইয়ের দিকে আবার অস্ট্রেলিয়ায় ফিরে যাবেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
