২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘হেলেন অব ট্রয় টু’-তে আকাশ-কনা

জনপ্রিয় দুই সংগীতশিল্পী কনা ও আকাশ গাইলেন স্বল্পদৈর্ঘ্য ‘হেলেন অব ট্রয় টু’চলচ্চিত্রে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2018, 05:05 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

দু’জনের যৌথপ্রয়াসে শ্রোতাপ্রিয়তা পেয়েছে ‘রেশমী চুড়ি’, ‘ও ডিজে’, ‘বৈশাখের বিকেল বেলায়’, ‘হেইলা দুইলা নাচ’-এর মতো গানগুলো।

এবার নতুন গানে ফের এক হলেন তারা। তবে, এবার কোনো মিউজিক ভিডিও নয়, স্বল্পদৈর্ঘ্য একটি চলচ্চিত্রের জন্য গানটি গেয়েছেন কনা ও কলকাতার সংগীতশিল্পী আকাশ।

ইভান মনোয়ারের পরিচালনায় নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হেলেন অব ট্রয় টু’।

এতে থাকছে ‘ভালোবাসা দাও’ শিরোনামে তাদের নতুন গানটি। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর-সংগীত করার পাশপাশি গানটিতে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন আকাশ।

এ প্রসঙ্গে ইভান মনোয়ার বলেন, “আমার শর্টফিল্মের গল্পের সঙ্গে যায় এমন একটি গানের জন্য ভাবছিলাম। অবশেষে আকাশ সেন ও কনার আইডিয়াটি মাথায় আসে।

তাদের করা অনেকগুলো গান শ্রোতারা গ্রহণ করেছে। এই কাজটিও দুর্দান্ত।

আকাশের সুর-সংগীতের সঙ্গে জীবন ভাইয়ের কথা মিলে চমৎকার একটি গান হয়েছে। আশাকরি সবাই পছন্দ করবেন।”

আকাশ সেন বলেন, “কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। সবাই চেষ্টা করেছেন ভালো একটি গান তৈরি করার জন্য। আশাকরি শ্রোতারাও পছন্দ করবেন।”

আসছে ঈদ উল ফিতরে মুক্তির লক্ষে সম্পাদনার টেবিলে রয়েছে ‘হেলেন অব ট্রয় টু’।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন, রাহা তানহা খান, সাঞ্জু জন, সাইফ চন্দন প্রমুখ।