২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান ঘিরে বিতর্ক

৬৪ বছরের প্রথা ভেঙে এবারই প্রথম ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে তুলে দিলেন রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2018, 08:14 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

বিতর্কের মধ্যেই বৃহস্পতিবার ভারতের নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রদান করা হয়েছে ৬৫তম ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিলেন রাষ্ট্রপতি ছাড়াও ভারতের কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি।

এনডিটিভি সূত্রে খবর, প্রায় ৮০জন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপক বর্জন করেছেন এই অনুষ্ঠান।

ভারতীয় গণমাধ্যমকে রাষ্ট্রপতি ভবনের মিডিয়া মুখপাত্র অশোক মালিক বলেছেন, “সমস্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানেই রাষ্ট্রপতি উপস্থিত থাকেন। উনি বড় পুরস্কারগুলো দেন। প্রাপকদের সঙ্গে ছবি তোলা হয়। এটাই সাধারণ নিয়ম। উদ্যোক্তাদের সেটা আগে থেকেই জানানো হয়েছে।”

যদিও গত বছর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় সমস্ত প্রাপকদের হাতেই পুরস্কার তুলে দিয়েছিলেন।

সেরা অভিনেত্রী হিসেবে মরোনোত্তর পুরস্কার পেয়েছেন শ্রীদেবী এবং ‘নগরকীর্তন’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন ঋদ্ধি সেন। এই দুটি পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

 

এছাড়াও এবছরের দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে মরোনোত্তর বিনোদ খান্নাকে। তার হয়ে অক্ষয় খান্না রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন।

এছাড়া অধিকাংশ পুরস্কার তুলে দিয়েছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি।

 

সেরা হিন্দি চলচ্চিত্র ‘নিউটন’-এর প্রযোজক মনীশ মুন্দ্রা সামাজিক মাধ্যমে লিখেছেন, “জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পূর্ণ স্বতন্ত্র একটি সম্মাননা। কারণ দেশের রাষ্ট্রপতি এই পুরস্কার তুলে দেন। ”

 

‘নগরকীর্তন’ চলচ্চিত্রের  জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ঋদ্ধি সেন ।সেরা অভিনেতা ছাড়াও ‘নগরকীর্তন’ আরও তিনটি পুরস্কার অর্জন করেছে, স্পেশাল জুরি অ্যাওয়ার্ড, সেরা পোশাক পরিকল্পনা ও সেরা সাজসজ্জার জন্য ।

ছবিটির পরিচালক কৌশিক গাঙ্গুলী জি নিউজ ২৪ঘন্টাকে বলেছেন, “এটা কোনও রাজনৈতিক দলের পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়। রাষ্ট্রপতি ভিন্ন অন্য কারো হাত থেকে পুরস্কার গ্রহণ অসম্মানজনক বলেই মনে হয়। এই ঘটনা দুর্ভাগ্যজনক।

রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন। এই পুরস্কার তুলে দেওয়া রাষ্ট্রপতির দায়িত্ব।”