চার বছর পর ঈশিতার রোমাঞ্চকর প্রত্যাবর্তন
দীর্ঘ চার বছর পর ছোটপর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী ঈশিতা।
সন্তান ও পরিবার ও নিজের ব্যবসায়িক কাজের ব্যস্ততায় নিজেকে ক্যামেরা থেকে দূরে সরিয়ে রাখলেও একটুও কমেনি অভিনয় ও ভক্তদের প্রতি প্রেম। তাই ফিরে আসা। আসছে ঈদ উল ফিতর উপলক্ষে রাফায়েল আহসানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হচ্ছে টেলিফিল্ম ‘কাঠপেন্সিল’।
এতে কলকাতার কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন ঈশিতা। তার কাছে এ প্রত্যাবর্তন তাই রোমাঞ্চকর ও আনন্দের। কলকাতায় ২৩ থেকে ২৬ এপ্রিল টানা শুটিং সেরে দেশে ফিরে গ্লিটজকে এমনটাই জানালেন ঈশিতা।
বললেন, “চারবছর পর ক্যামেরার সামনে অভিনয় করতে দাঁড়ানো একটু তো ভয় পাচ্ছিলামই। কারণ চর্চার ব্যাপার আছে। অনেকদিন করি না। তারওপর সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো এতবড় অভিনেতার সঙ্গে কাজ করতে গেলে একটু প্রিপারেশন তো লাগেই। স্ক্রিপ্ট ভালোভাবে পড়ে গিয়েছিলাম। সম্পূর্ণ অভিজ্ঞতা ভালো, আমি বলবো, এটা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।”
এতে ঈশিতার ছাড়াও অভিনয় করেছেন অর্ণব অন্তু, গার্গি ব্যানার্জী, অনুপ কুমার অমৃত প্রমূখ। কলকাতার ঘোষবাড়ি শুটিং হাউস, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ট্রাম স্টেশন, গঙ্গার পাড়সহ শহরের বিভিন্ন রাস্তায় চিত্রায়িত হয়েছে টেলিফিল্মটি। বাংলাদেশ অংশের শুটিংও শুরু হবে শিগগিরই।
পরিবার ও ব্যাবসায় সময় দেয়ার পাশাপাশি এখন থেকে টুকটাক অভিনয়ে সময় দেবেন ঈশিতা। তিন বছরের সন্তান আর রেস্টুরেন্ট ব্যবসায় সময় দেয়ার পাশাপাশি মাসে অল্প কিছু সময় শুটিংয়েও ব্যস্ত হতে চান জনপ্রিয় এ তারকা অভিনেত্রী।
