২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব

‘নির্বাক শব্দেরা মুখরিত হোক মুক্তির আলোয় আলোয়’ এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো ‍শুরু হয়েছে ‘টিভিসিএস-ডুমা আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব।’

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 07:10 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

প্রাচীন শিল্পমাধ্যম মূকাভিনয়কে ধারণ ও লালনকারী সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে (ডুমা) আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয় রোববার।

সন্ধ্যা সাড়ে ৬ টায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মূকাভিনয় প্রদর্শন করেন আমেরিকান নিউ মাইম থিয়েটার এর ডিরেক্টর কাজী মশহুরুল হুদা, ভারতের সোমা মাইম থিয়েটার, জার্মানির নিমো মাইম, রংপুরের মিরর মাইম থিয়েটার, জাপানের শিল্পীদ্বয় ও আয়োজক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।

উৎসবে অংশ নেবে জাপান, আমেরিকান, ইরান, জার্মানি, নেপাল এবং ভারতের ২টি দলসহ বাংলাদেশের মূকাভিনয় চর্চারত ১৫টি দল।

দলগুলো হলো-স্বপ্নদল (ঢাকা), প্যান্টোমাইম মুভমেন্ট (চট্টগ্রাম), মুক্তমঞ্চ নির্বাক দল (গাজীপুর), রঙ্গন মাইম একাডেমি (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), মাইম আর্ট (ঢাকা), বেঙ্গল থিয়েটার (ঢাকা), সাইলেন্ট থিয়েটার (চট্টগ্রাম), মিরর মাইম থিয়েটার (রংপুর), বরিশাল বিএম কলেজ, কিশোরগঞ্জ মাইম থিয়েটার, ব্ল্যাকফ্লেইম থিয়েটার (ঢাকা), মাইম অ্যাকশন কক্সবাজার, জগন্নাথ ইউনিভার্সিটি মাইম সোসাইটি এবং মাইম অ্যাকশন ময়মনসিংহ, রংপুর কারমাইকেল কলেজ।

সোমবার অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। চিত্রনায়ক আকবর হোসাইন পাঠান (ফারুক) অতিথি হিসেবে মঞ্চে থাকবেন। এদিন মাইম পরিবেশন করবে ইরান, ভারতের ত্রিপুরা রাজ্যের লিটল ড্রামা গ্রুপ, বাংলাদেশের স্বপ্নদল, মাইম আর্ট, মুক্তমঞ্চ নির্বাক দল, কিশোরগঞ্জ মাইম থিয়েটার এবং মাইম ট্রুপ।

মঙ্গলবার সমাপনী দিন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মজিবুর রহমান (নিক্সন চৌধুরী), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

এদিন প্রদর্শনীতে অংশ নিবে প্যান্টোমাইম মুভমেন্ট, রঙ্গন মাইম একাডেমি, সাইলেন্ট থিয়েটার, বেঙ্গল থিয়েটার, ব্ল্যাকফ্লেইম, শ্রুতি মাইম থিয়েটার, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন।

রাত ১০ টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে আন্তর্জাতিক এ মূকাভিনয় উৎসব।

বর্ণাঢ্য উৎসবে সার্বিক সহযোগিতা করার কথা জানালেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক এবং আন্তর্জাতিক উৎসবের প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।

তিনি বলেন, “দ্বিতীয়বারের মতো আমাদের ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক এই উৎসব আয়োজন করছে। ইতিমধ্যে তারা দেশে-বিদেশে মূকাভিনয় অংশগ্রহণ এবং সুনাম অর্জন করেছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সাফল্যের সঙ্গে উৎসব সম্পন্ন করার জন্য আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।”