সোনিয়া গান্ধীর চরিত্রে জার্মান অভিনেত্রী সুজান
‘অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে ভারতের সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন জার্মান অভিনেত্রী সুজান বার্নেট।
পরপর দু’বার ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মনমোহন সিং৷ তার দশ বছরের প্রধানমন্ত্রিত্ব নিয়ে আলোচনা-সমালোচনা সবই হয়েছে । বর্ষীয়ান এই রাজনীতিবিদকে নিয়ে বই লিখেছিলেন সঞ্জয় বারু ।
এই বই থেকেই বলিউডে চলচ্চিত্র নির্মাণ করছেন নবীন পরিচালক বিজয় রত্নাকর গুট্টে ।
টাইমস অব ইন্ডিয়া সূত্রে খবর, ‘অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে ভারতের সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন জার্মান অভিনেত্রী সুজান বার্নেট।
৩৫বছর বয়সী এই অভিনেত্রী এর আগেও ভারতের টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয় করেছেন । বাংলা, মারাঠি এবং হিন্দি ভাষায় স্বতঃস্ফূর্ত ভাবে কথা বলতে পারেন সুজান । এর আগেও তিনি ‘প্রধানমন্ত্রী’ নামে ভারতের এক টিভি সিরিজে সাবেক কংগ্রেস সভানেত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন।
বৃহস্পতিবার ‘অ্যাকসিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির প্রথম লুক টুইট করেন বলিউড চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ । ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ভূমিকায় অভিনয় করছেন বলিউডের বিশিষ্ট অভিনেতা অনুপম খের ।
সনিয়া-কন্যা প্রিয়াঙ্কার ভূমিকায় অভিনয় করছেন ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’-খ্যাত অহনা কুমরা। এছাড়াও এই ছবিতে রয়েছেন অক্ষয় খান্না।
ইতিমধ্যে লন্ডনে সিনেমাটির কাজ শুরু হয়েছে। এ বছর ২১ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
