বক্সঅফিসে টাইগারের গর্জন
মুক্তির চারদিনের মধ্যেই বক্স অফিসে গর্জন শুরু করেছে টাইগার শ্রফ এবং দিশা পাটানির সিনেমা ‘বাগি টু’। কয়েকদিনের মধ্যেই সিনেমাটির আয় ১০০ কোটির দোরগোড়ায় ।
আহমেদ খান পরিচালিত ‘বাগি-২’ সিনেমাটি মুক্তির সপ্তাহেই বক্সঅফিসে রীতিমতো গর্জন শুরু করেছে । গত ৩০মার্চ মুক্তি পেয়েছে টাইগার শ্রফ, দীশা পাটানি, মনোজ বাজপেয়ি, দীপক দোবরিয়াল অভিনীত অ্যাকশনধর্মী এই চলচ্চিত্রটি ।
মুক্তির দিনেই ‘বাগী-২’ আয় করেছে ২৫.১০ কোটি রুপি । এই সিনেমার প্রথমদিনের আয় দেখে টাইগার সম্পর্কে বলিউডে বেশ আশার আলো তৈরি হয়েছে ।
বলিউড সিনেমার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ মনে করছেন সিনেমাটি দু-একদিনের মধ্যেই ১০০কোটির ক্লাবে প্রবেশ করবে ।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, তরণ আদর্শ এক টুইটে জানিয়েছেন, শুক্রবার মুক্তির দিন ছবিটির আয় ছিল ২৫.১০ কোটি রুপি । শনিবার ২০.৪০ কোটি রুপির ব্যবসা করেছে । রবিবারের আয় ছিল ২৭.৬০ কোটি। সোমবার টাইগারের সিনেমা ১২.১০ কোটির ব্যবসা করে মুক্তির চারদিনেই ‘বাগি-২’-এর আয় ৮৫.২০ কোটি রুপিতে পৌঁছায় ।
প্রথম দিনের এই সাফল্যে টাইগার তার সমসাময়িক বলিউড তারকাদের পিছনে ফেলে দিয়েছেন।
তার সময়ের জনপ্রিয় এবং সফল অভিনেতা বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা এবং অর্জুন কাপুর। রণবীর সিং ও রণবীর কাপুরকেও এই তালিকায় রাখা যেতে পারে ।
রণবীর সিংয়ের ‘পদ্মাবত’ প্রথমদিন আয় করেছিল ১৯ কোটি রুপি। রণবীর কাপুরের ‘বেশরম’-এর প্রথম দিনের সংগ্রহ ছিল ২১ কোটি রুপি । বরুণের ‘জড়ুওয়া ২’-র ব্যবসা হয় ১৬.১০ কোটি রুপি । অর্জুনের ‘গুণ্ডে’র প্রথমদিনের আয় ১৬.১২ কোটি রুপি এবং সিদ্ধার্থর ‘এক ভিলেন’ প্রথম দিন আয় করে ১৬.৭২ কোটি রুপি।
‘বাগি-২’-এর এই সাফল্যে এরই মধ্যে টাইগার শ্রফ’কে শুভেচ্ছা জানাতে শুরু করেছে বলিউড ।
২০১৪ সালে সাব্বির খানের সিনেমা ‘হিরোপন্থী’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় জ্যাকি-পুত্র টাইগারের ।
২০১৬ সালের এপ্রিলে মুক্তি পায় পরিচালক সাব্বির খানের ছবি ‘বাগি’। টাইগার শ্রফের বিপরীতে তখন ছিলেন শ্রদ্ধা কাপুর। এই সিনেমাতেই টাইগার দর্শকমন জয় করে নেন ।
তবে ‘বাগি-২’ দিয়েই তিনি বলিউডে নিজের জায়গা পাকা করতে চলেছেন বলে মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা ।
