বিকল্প পদ্ধতিতে ৬৪ জেলায় ‘মাটির প্রজার দেশে’
চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে প্রদর্শনের মাধ্যমে বিকল্প পদ্ধতিতে ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হলো। প্রেক্ষাগৃহে নয় বিকল্প পদ্ধতিতে ৬৪ জেলায় প্রদর্শিত হবে ‘মাটির প্রজার দেশে’-এমনটাই দাবি প্রযোজকের।
এবার চট্টগ্রামে প্রদর্শিত হচ্ছে ‘মাটির প্রজার দেশে’। পরিবেশক জটিলতায় প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শনে ব্যর্থ হওয়ার পর বিকল্প পদ্ধতিতে প্রদর্শনের জন্য লড়ছে চলচ্চিত্রটির সংশ্লিষ্টরা।
রোববার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয় ছবিটি। আগামী ৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন এর তিনটি করে শো চলবে বলে জানা গেছে।
প্রযোজক আরিফুর রহমান বলেন, “প্রথম দিনেই দর্শকদের বেশ সাড়া পাওয়া গেছে। আশা করছি বাকি দিনগুলিতেও দর্শক স্বতঃস্ফুর্তভাবে সিনেমাটি উপভোগ করতে আসবেন।”
এর আগে গত ২৩ মার্চ মুক্তি পায় বিজন ইমতিয়াজ পরিচালিত চলচ্চিত্রটি। দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে বহুল প্রশংসিত চলচ্চিত্রটি দেশে মুক্তি নিয়ে আকাঙ্খা ছিল দেশের দর্শকমহলেও।
চলচ্চিত্রটি মাত্র তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন সুস্থ ধারার দর্শকরা। তাদের দাবি পুরণেই চলচ্চিত্রটি নিয়ে বিকল্প ব্যবস্থায় ৬৪ জেলায় যাওয়ার কথা ভাবছেন চলচ্চিত্রটির নির্মাতা ও প্রযোজক।
প্রযোজক আরিফুর রহমান বলেন, “আমরা চাই ৬৪ জেলায় চলচ্চিত্রটির বিকল্প প্রদর্শনী করতে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ছবিটি মুক্তি পেল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অনুরোধে সেখানেও একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছি আমরা। চট্টগ্রামের পরই খুলনা ও বরিশালে নিয়ে যাবো ‘মাটির প্রজার দেশে’।”
এদিকে, রাজধানীর স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার ও রাজশাহীর উপহার সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহেও চলচ্ছে চলচ্চিত্রটি। প্রযোজক জানান, সেল রিপোর্ট বলছে দর্শক কমেনি ছবির। বরং কিছুটা বেড়েছে।
২০১৬ সালে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ওই বছরেই শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার জিতে নেয় গুপী বাঘা প্রোডাকশনস লিমিটেডের ছবি ‘মাটির প্রজার দেশে’।
চলচ্চিত্রটির চিত্রগ্রাহক রামশ্রেয়াস রাও এবং এন্ড্রু ওয়েসমান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী, কচি খন্দকার, শিউলি আক্তার, চিন্ময়ী গুপ্তা, রমিজ রাজু, আবদুল্লাহ রানা, মনির আহমেদ শাকিল, রিকিতা নন্দিনী শিমু প্রমুখ।
প্রধান শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুর অনিন্দ্য।
