২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েব সিরিজে অভিনয় করবেন আমির খান‌

রজনীশ ওসোর আত্মজীবনী নিয়ে তৈরি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন আমির খান ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2018, 08:47 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

মিস্টার পারফেকশনিস্ট আমির খান অভিনয় করেন খুব বাছবিচার করে । বিশেষত চিত্রনাট্য তার পছন্দ না হলে সরাসরি মুখের ওপরই না বলে দেন ।

‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’ দুটি সিনেমা শুধু ব্যবসাসফলই নয়, উচ্চপ্রশংসিত চলচ্চিত্র সমালোচকদের কাছেও ।

এবার তিনি নাকি আধ্যাত্মিক গুরু রজনীশ ওসোর আত্মজীবনী নিয়ে তৈরি ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন ।

জিনিউজ সূত্রে খবর, এই ওয়েব সিরিজের চিত্রনাট্যকার পরিচালক শাকুন বাটরা জানিয়েছেন, আমির খানকে সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব পাঠানো হয়েছিল, তিনি যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন ।

সংবাদমাধ্যম ডিএনএ জানায়, লস অ্যাঞ্জেলসে গণ মাধ্যমকে এই নির্মাতা জানিয়েছেন, আমিরের বিপরীতে নায়িকা হিসাবে থাকবেন আলিয়া ভাট। তারও এই চিত্রনাট্য খুব পছন্দ হয়েছে।

শাকুন বাটরার ঘনিষ্ঠ বন্ধু আলিয়া এর আগে এই নির্মাতার ‘কাপুর অ্যান্ড সন্স’ চলচ্চিত্রে কাজ করেছেন ।

বর্তমানে 'ঠাগস অব হিন্দোস্তান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত আমির খান। সম্প্রতি একহাজার কোটি রুপি বাজেটের চলচ্চিত্র ‘মহাভারত’-এ আমির কৃষ্ণ চরিত্রে করবেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে ।

যদিও ‘মহাভারত’ নিয়ে চূড়ান্ত সবকিছু এখনও ঠিক হয়নি ।

পরিচালক শাকুন বাটরা মনে করছেন ‘মহাভারত’-এর আগেই আন্তর্জাতিক চ্যানেলে সম্প্রচারের উদ্দেশ্যে নির্মিত এই ওয়েব সিরিজের কাজ শেষ হয়ে যাবে ।