অনিমেষের হাত ধরে নাটকে ভাবনার ‘গুলনেহার’
অনিমেষ আইচ নির্মাণ করছেন অভিনেত্রী ভাবনা রচিত উপন্যাস ‘গুলনেহার’।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে ছাড়া যেন ভাবতেই পারছেন না নির্মাতা অনিমেষ আইচ। তার নির্মিত নাটক-চলচ্চিত্রে অভিনেত্রী ভাবনাই যেন তার ভাবনার চরিত্রগুলোর একমাত্র রূপকার।
তবে এবার ঘটছে উল্টো, প্রত্যক্ষে নয় অনিমেষের নাটকে ভাবনাকে পাওয়া যাবে এবার পরোক্ষে। চলতিবছর একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয় ভাবনার প্রথম উপন্যাস ‘গুলনেহার’। সেই উপন্যাসটিই নাটকের ফ্রেমে ধরা পড়ছে অনিমেষের নির্মাণে।
নির্মাতা অনিমেষ আইচ বলেন, “ভাবনার উপন্যাসটা নিয়ে নির্মাণ পরিকল্পনা করেছি। বাংলাভিশনের ঈদ আয়োজনে এটি দেখা যাবে। ভাবনার উপন্যাসটি খুব মর্মস্পর্শী, হৃদয়কে নাড়া দেয়। তাই এটি নিয়ে নাটক নির্মাণ করছি।”
‘গুলনেহার’ উপন্যাসের মূল চরিত্রটি ৮৭ বছর বয়স্ক এক বৃদ্ধা। নির্মাতা অনিমেষ আইচ জানালেন, নাটকটির জন্য অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ চলছে।
প্রসঙ্গত, অনিমেষ আইচের নির্মাণে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে ভাবনার। বর্তমানে এ অভিনেত্রী ছোটপর্দাতেই ব্যস্ত রেখেছেন নিজেকে।
