২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তের বছরেও নামফলক পায়নি ‘আব্দুল জব্বার খান সড়ক'

তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ -এর নির্মাতা গুণী চলচ্চিত্রকার আব্দুল জব্বার খানের নামে বিএফডিসির সামনের রাস্তার নামকরণের তের বছর পরও বসানো হয়নি নামফলক।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 06:33 PM

Updated : 11 Oct 2022, 12:10 PM

২০০৫ সালের বিএনপির শাসনামলে চলচ্চিত্রকর্মীদের দাবির মুখে সোনারগাঁও সার্ক ফোয়ারা থেকে এফডিসি ছাড়িয়ে টঙ্গী ডাইভারশন রোড পর্যন্ত সড়কটি 'আব্দুল জব্বার খান সড়ক' নামে অনুমোদন করা হয়।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার গ্লিটজকে বলেন, “অনুমোদনের কপিটি মন্ত্রণালয় থেকে এফডিসি হয়ে সিটি কর্পোরেশনে পৌঁছেছিল। তখন মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। উনার সঙ্গে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছিল আমাদের।”

অনুমোদন হলেও নামফলক এখনও কেন মেলেনি জানতে চাইলে তিনি বলেন, “তার বছর খানেক পর দেশে অস্থিরতা শুরু হলো। ওয়ান-ইলেভেনের সময় কমিশনাররা যে যার মতো আত্মগোপনে ছিল। ওনাদের সঙ্গে দেখা করা যায়নি। ফলে তখন আর কাজ শেষ হয়নি। তখনই মূলত কাজটা ঝুলে গেছে।”

‘ঝুলন্ত নামফলককে’ সঠিক জায়গায় বসানোর দাবি দীর্ঘদিন ধরেই আসছে পরিচালকের পরিবারের পক্ষ থেকে।

আব্দুল জব্বার খানের তৃতীয় পুত্র নওশের হায়াত খান বলেন, “সেদিন এফডিসিতে গিয়ে দেখলাম এখনও নামফলকটি লাগানো হয়নি। পরিবারের তরফ থেকে আমরা বিষয়টি নিয়ে সরকারের উচ্চমহলে জানানোর আহ্বান করছি।”

নামফলকের বিষয়টি ঝুলে আছে কেন? এ প্রশ্নের উত্তর তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কাছেও নেই।

এফডিসিতে আয়োজিত একুশে পদকপ্রাপ্ত পরিচালকদের সম্মাননা অনুষ্ঠানে পরিচালক পুত্রের আহ্বানের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, “ফলকটা তো আরও আগে হওয়ার কথা। সেটা এতদিন ঝুলে আছে কেন আমি জানি না। এটা এতদিন কেউ বলেনি। খুব শিগগির সিটি কর্পোরেশনে বিষয়টি জানাচ্ছি। আশা করছি কাজটা খুব দ্রুত সমাধান করতে পারব।”

তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’(১৯৫৬) পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেন আব্দুল জব্বার খান।

এরপর ‘জোয়ার এলো’, ‘কাঁচ কাটা হীরা’, ‘খেলারাম’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র তিনি নির্মাণ করেছেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আব্দুল জব্বার খান মুজিব নগর সরকারের চলচ্চিত্র প্রদর্শন ও পরিবেশনার সঙ্গেও জড়িত ছিলেন।

পরবর্তীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড, ফিল্ম ইনস্টিটিউটের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন।

১৯১৬ সালের ১৬ এপ্রিল মুন্সীগঞ্জে জন্ম নেওয়া এ পরিচালকের মৃত্যু হয় ১৯৯৩ সালের ২৮ ডিসেম্বর।