২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীদেবীর আঁকা ছবি উঠছে নিলামে

শ্রীদেবীর আঁকা সোনম কাপুরের একটি ছবি নিলামে উঠতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 11:06 AM

Updated : 19 Aug 2022, 01:41 PM

অভিনেত্রী পরিচয়ের আড়ালে থাকা শ্রীদেবীর আঁকিয়ে পরিচয়টি তার মৃত্যুর পর প্রচারে এসেছে।

মুম্বাইয়ের ট্যাবলয়েড পত্রিকা মিড ডে জানিয়েছে, দুবাইয়ে নিলামে উঠতে যাচ্ছে শ্রীদেবীর আঁকা ছবিটি। শ্রীদেবীর আঁকা মাইকেল জ্যাকসনের একটি ছবিও নিলামে উঠবে।

ভাইপোর বিয়েতে গিয়ে গত ২৪ ফেব্রুয়ারি আমিরাতেই একটি হোটেলে দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে মৃত্যু ঘটে বলিউডের প্রথম নারী ‘সুপারস্টার’ শ্রীদেবীর। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

এই নিলামের বিষয়টি আগেই ঠিকঠাক ছিল, তবে ততটা প্রকাশ পায়নি। এই কারণেই বিয়ের পরও শ্রীদেবী দুবাইয়ে থেকে গিয়েছিলেন বলে মিড ডে জানায়।  

মিড ডের প্রতিবেদনে বলা হয়েছে, “শ্রীদেবী ছবি এঁকে আসছিলেন বহু দিন ধরে। এটা ছিল তার প্যাশন।”

হালের অভিনেত্রী সোনম কাপুরের বাবা অনীল কাপুরের সঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছিলেন শ্রীদেবী। অনীল কাপুরের আরেক পরিচয়, তিনি শ্রীদেবীর স্বামী বনি কাপুরের ভাই।

প্রথম ছবি ‘সাওয়ারিয়া’র একটি গানের দৃশ্যে সোনম নীল পোশাক পরেছিলেন। সেই আদলেই তার ছবি এঁকেছিলেন শ্রী।

পপস্টার মাইকেল জ্যাকসনও শ্রীদেবীর পছন্দের শিল্পী ছিলেন বলে মিড ডের খবর।