নারী দিবসে জাতিসংঘের কনসার্টে চিরকুট
৮ মার্চ নারী দিবসে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী কনসার্ট’। এতে গাইবে ব্যান্ড ‘চিরকুট’।
জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউএন উইমেন বাংলাদেশের আয়োজনে আসছে ৮ মার্চ নারী দিবসে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শান্তি ও সম্প্রীতিতে নারী কনসার্ট’।
এ কনসার্টে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। শান্তি ও সম্প্রীতিতে নারীর অবদান নিয়ে এই কনসার্ট উপলক্ষে একটি থিম সংও তৈরি করেছে ব্যান্ডটি।
‘সর্বজয়া নারী সালাম তোমায়, সম্প্রীতি আর শান্তিতে সামনে চলো নির্ভয়ে’ এমন কথা ও সুরে চিরকুটের কম্পোজিশনে গানটি নিয়ে ইতিমধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে চলছে ফ্লাশ মব।
শুক্রবার ব্যান্ড চিরকুট এর পক্ষ থেকে শারমিন সুলতানা সুমী গ্লিটজকে বলেন, “সারা বিশ্বের শান্তিতে সম্প্রীতিতে নারীরা কীভাবে ভূমিকা রাখছে তার ট্রিবিউটে এ কনসার্ট।
সারা বিশ্বের ধারাবাহিকতায় বাংলাদেশের নারীরাও যে কাজ করছে, প্রতিমুহূর্তে এগিয়ে যাচ্ছে, তাদের অনুপ্রেরণার জন্য এ উদ্যোগটি নিশ্চয়ই ভূমিকা রাখবে।
তাছাড়া, নারীরা যে সারা বিশ্বে শান্তি ও সম্প্রীতিতে ভূমিকা রাখছে সে বিষয়টি কিন্তু খুব একটা বলা হয় না, বাংলাদেশে যারা কাজ করছে তাদের কথা জানবে, এমন একটা আয়োজনে গান করতে পেরে আমরা খুবই আনন্দিত।”
৮ মার্চ বিকেল ৪টায় থেকে শুরু হবে এই কনসার্ট । সবার জন্য উন্মুক্ত।
নারী দিবসের আগে ব্যান্ড চিরকুট অংশ নিচ্ছে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত জয় বাংলা কনসার্টে। মাসজুড়েই নানা কনসার্ট নিয়ে ব্যস্ত থাকছে দলটি। প্লে-ব্যাক, নতুন গানের রেকর্ডিং নিয়েও ব্যস্ততা তাদের।
