নিরব-তমা’র ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’
আবারও জুটি বাঁধলেন বড়পর্দার দুই অভিনয়শিল্পী নিরব ও তমা মির্জা। কথাশিল্পী শরৎচন্দ্রের গল্প আর উপন্যাসের সব চরিত্র উঠে আসবে এ ছবিতে।
গত সপ্তাহে এ ছবিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে গ্লিটজকে জানান নিরব।
তিনি বলেন, “ছবির গল্পটা একেবারেই আলাদা। আমার চরিত্রেও বেশ ভিন্নতা আছে। তমার সঙ্গে এর আগেও কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই দারুণ।”
এর আগে ২০১০ সালে ‘বলনা তুমি আমার’ চলচ্চিত্রের মধ্য দিয়ে এ জুটির যাত্রা শুরু হয়। এরপর একে একে ‘তোমার মাঝে আমি’, ‘নদীজল’ ও ‘গেম রিটার্ন’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেন তারা।
বাংলা সাহিত্যের অপরাজেয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে নির্মিত হচ্ছে এ ছবি। কথাশিল্পীর গল্প আর উপন্যাসের সব চরিত্র উঠে আসবে এ ছবিতে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন গাজী রাকায়েত। ছবিটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরিফুর জামান আরিফ।
ছবির নির্মাতা বলেন, “বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের অবদান কখনো মুছে যাওয়ার নয়। আমি আশা রাখি ভালো একটি ছবি দর্শকদের উপহার দিতে পারব।”
ইভেন্ট প্লাস ও এমআর ফিল্মসের প্রযোজিত ছবিটির শ্যুটিং শুরু হয়েছে কিছুদিন আগে। দ্বিতীয় দফার শ্যুটিংও শুরু হবে শিগগির।
