ফিলিপাইনে সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যদল
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নৃত্যানুষ্ঠানে অংশ নেবে সৃষ্টি কালচারাল সেন্টার।
বাংলাদেশের নৃত্যচর্চার আন্তর্জাতিক প্রচার ও প্রসারের অংশ হিসেবে এবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় নৃত্যানুষ্ঠানে অংশ নেবে সৃষ্টি কালচারাল সেন্টার। সংগঠনের পরিচালক নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরু’র নেতৃত্বে ৮ সদস্যের নাচের দল ম্যানিলায় অবস্থান করছে।
সংগঠনের মুখপাত্র রুহুল রবিন খান গ্লিটজকে জানিয়েছেন, আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ম্যানিলায় অবস্থিত ‘হোটেল সাংগ্রিলা’র বল রুমে নৃত্যানুষ্ঠানে অংশ নেবেন তারা।
তিনি বলেন, “ম্যানিলার বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামের আমন্ত্রণে এই বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে সৃষ্টি কালচারাল সেন্টার। অনুষ্ঠানে ম্যানিলায় অবস্থানকারী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্তকর্তা ও ফিলিপাইনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।”
আগামী ২ মার্চ দেশে ফিরবে সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যদল। দলের নৃত্যশিল্পীরা হলেন সাবরিনা শফি নিসা, বৃষ্টি, মৃত্তিকা, কাজল, তামিম, দুর্জয় ও রাফিদ।
