২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কালো ঝলমলে বাফটা

রবিবার লন্ডনের ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস প্রদান (বাফটা)অনুষ্ঠানের রেড কার্পেটে ছিল কালো পোশাকের ঢল । কর্মক্ষেত্রে যৌন হয়রানি রুখতে প্রতিবাদের রঙ ছিল কালো ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 08:27 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

পুরনো খবর:

একাত্তরতম বাফটা অ্যাওয়ার্ডস বিজয়ী যারা

হার্ভি ওয়াইনস্টিনের যৌন হয়রানির প্রতিবাদ ছড়িয়ে পড়েছে চলচ্চিত্র উৎসব থেকে প্রায় সমস্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানগুলিতেই ।

এবছরের গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠানে কালো পোশাক পরে প্রতিবাদ জানিয়েছিলেন তারকারা । গ্র্যামি অ্যাওয়ার্ডে পোশাকে সাদা গোলাপ গুঁজে প্রতিবাদ করেছেন তারা ।

১৮ ফেব্রুয়ারি লন্ডনের রয়েল অ্যালবার্ট হলে আয়োজিত ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) আসরেও এই প্রতিবাদ হয়ে উঠেছিল কালো ঝলমলে। এবারের পুরস্কার প্রাপকদের চেয়েও যেন বেশি আলোচিত হয়ে  উঠেছে কালো পোশাকের প্রতিবাদ ।

রেড কার্পেটে কালো পোশাকের ঢল নেমেছিল । পূর্বপরিকল্পিত ভাবেই কালো পোশাক পরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ এবং আইরিশ অভিনেতা অভিনেত্রীরা ।

কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধ করতে খোলা চিঠি লিখেছেন ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রায় ২০০জন অভিনয়শিল্পী । এতে সই করেছেন ‘হ্যারি পটার’খ্যাত এমা ওয়াটসন থেকে শুরু করে কিরা নাইটলি, এমা টমসনের মতো তারাকারা।

চিঠিতে লেখা হয়েছে, ‘বাফটা অ্যাওয়ার্ডস উপলক্ষ করেই এই আন্দোলন শুরু হচ্ছে। এখনই চূড়ান্ত সময় পরস্পরের পাশে থাকার। আন্তর্জাতিকভাবে এই আন্দোলনকে প্রতিবাদের রূপ দেওয়ার এখনই সময়।’

নিগৃহীত মেয়েদের সাহায্য প্রদান এবং তারা যাতে সুবিচার পায়, সেই উদ্দেশ্যে ব্রিটেনে গঠিত হয়েছে একটি তহবিল । সেই তহবিলে ১০ লক্ষ পাউন্ড দান করেছেন এমা ওয়াটসন । কিরা ও টম হিডলটন দিয়েছেন ১০ হাজার পাউন্ড।

সূত্র: বিবিসি নিউজ, ভ্যারাইটি, ইন্ডিয়া টুডে ।