২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

না ফেরার দেশে সংগীতশিল্পী সাবা তানি

জনপ্রিয় সংগীতশিল্পী সাবা তানি আর নেই।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 03:43 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

আশি ও নব্বই দশকের জনপ্রিয় শিল্পী সাবা তানির বয়স হয়েছিল ৪৯ বছর।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসায় সাবা তানি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী কনক চাঁপা।

তিনি বলেন, “দুপুর একটার দিকে সংগীত পরিচালক শওকত আলী ইমন ফোন করে খবরটা প্রথম জানায়। খবরটি জানার পরপরই ইমনসহ তপন চৌধুরী, ফোয়াদ নাসের বাবু, আঁখি আলমগীর সাবা তানির বাসার দিকে রওনা হয়েছেন। আমিও যাচ্ছি।”

মৃত্যুর কারণ জানতে চাইলে কনক চাঁপা বলেন, “যতদূর শুনেছি আত্মীয় স্বজনরা এখনও মরদেহ দেখতে দিচ্ছেন না কাউকে। চিকিৎসক দেখার পরই আসলে বোঝা যাবে, কীভাবে মৃত্যু হয়েছিল।”

ফোয়াদ নাসের বাবু বলেছেন, “সকালে তানির মরদেহ বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে। রক্তচাপের কারণে মারা গেছেন বলে জানতে পেরেছি।”

সাবা তানির একমাত্র সন্তান মাশায়েল আনীদ।

আশি নব্বই দশকের পর সংগীত থেকে দূরে সরে যান সাবা তানি, যার সঙ্গীত জগতে আসা সাবা পন্নী নামে।

অনেক দিন নিভৃতে থাকার পর এ কণ্ঠশিল্পী মাঝে 'ক্লোজআপ  ওয়ান:  তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০১২' প্রতিযোগিতায় সিলেট অঞ্চলের বাছাই পর্বের বিচারক হিসেবে কাজ করেছিলেন।

এরপর ২০১৬ সালে টিভিপর্দায় বেশ কিছু অনুষ্ঠানে গাইতে দেখা গিয়েছিল তাকে।