যৌন হেনস্থার অভিযোগ ভিত্তিহীন, দাবি জিতেন্দ্র’র আইনজীবীর
ভাতিজির যৌন হেনস্থার অভিযোগ নস্যাত করে দিলেন জিতেন্দ্রর আইনজীবী। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ভারতের হিমাচল প্রদেশ পুলিশ প্রধানের কাছে বলিউড অভিনেতা জিতেন্দ্র’র নামে তার ভাতিজি যে যৌন হয়রানির অভিযোগ করেছিলেন তা ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন অভিনেতার আইনজীবি ।
জিতেন্দ্র’র আইনজীবি রিজওয়ান সিদ্দিক বলেন, “ঘটনাটি ভিত্তিহীন, হাস্যকর এবং মনগড়া” ।
কর্মক্ষেত্রে প্রতিযোগিতায় ঈর্ষান্বিত হয়েই বিশিষ্ট এই অভিনেতার কোম্পানির ব্যবসায় ক্ষতি করার লক্ষ্যে পুরোটাই পরিকল্পিতভাবে করা হয়েছে বলে দাবি করেছেন বর্ষীয়ান অভিনেতার আইনজীবী।
অভিযোগকারিনী দাবি করেছেন, অভিনয়ের প্রলোভন দেখিয়ে ১৯৭১ সালের জানুয়ারিতে তাকে হিমাচল প্রদেশে নিয়ে যান জিতেন্দ্র। তারপর শিমলার একটি হোটেলে নিয়ে গিয়ে ১৮ বছরের ভাতিজিকে যৌন হেনস্থা করেন বছর ২৮-এর জিতেন্দ্র।
ওই সময় বিষয়টি নিয়ে কোনওভাবেই মুখ খুলতে পারেননি তিনি । বলিউডের খ্যাতিমান অভিনেতা এবং রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ হওয়ার কারণে জিতেন্দ্র’র বিরুদ্ধে এতদিন চুপ করে থেকেছেন ।
ঘটনার ৪৭বছর পর অভিযোকারিনী যখন ৬৫ বছরের বৃদ্ধা এবং জিতেন্দ্র’র বয়স ৭৫, তখন এ বিষয়টি প্রকাশ্যে আসার বিষয়ে হলিউডে হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ‘মি টু’ আন্দোলনের প্রভাব রয়েছে বলে অনেকেই মনে করছেন ।
কর্মক্ষেত্রে যৌন হয়রানির প্রতিবাদে হলিউডের বিশিষ্ট অভিনেত্রীদের পাশাপাশি বলিউডেও কঙ্গনা রানাউত, রাধিকা আপ্তে, বিদ্যা বালন থেকে শুরু করে অনেকেই সরব হয়েছেন ।
ঘটনার প্রায় পঞ্চাশ বছর পর এধরনের মামলা কোনো আদালত নেবে কিনা এ বিষয়েও সন্দেহপ্রকাশ করেছেন জিতেন্দ্র’র আইনজীবি ।
অভিযোগকারিনী বৃদ্ধা আশঙ্কা করছেন, তার নাম প্রকাশ্যে এলে তিনি বিপদে পড়তে পারেন, পাশপাশি তার পরিবারিক ক্ষতিও হতে পারে । সেইকারণে পুলিশের কাছে তার নাম, পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
