২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরেশ-মিমের হলুদে নাচলেন মিথিলা

ছোটপর্দার দুই অভিনয়শিল্পী ইরেশ যাকের ও মিম রশীদের গায়ে হলুদের ঘরোয়া আয়োজনে নাচলেন মিমের বোন অভিনেত্রী মিথিলা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 07:48 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

ইরেশের বিয়েকে ঘিরে সপ্তাহের শুরু থেকেই আনন্দের ধুম লেগেছে যাকের পরিবারে। এ আনন্দযজ্ঞে এবার যোগ দিলেন মিমের বোন মিথিলাও। শুক্রবার  সন্ধ্যায় শুরুর হওয়া এ অনুষ্ঠানের এক ফাঁকে ইরেশ যাকেরের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করেন মিথিলা। গানের তালে তাদের নাচের সঙ্গে যোগ দেন আত্মীয়-স্বজনরাও। প্রায় শ’ খানেক অতিথি উপস্থিত ছিলেন এ আয়োজনে।

অনুষ্ঠানে আমন্ত্রিত এক অতিথি গ্লিটজকে জানান, দুই পরিবারের ঘনিষ্ঠজনরাই মূলত আমন্ত্রণ পেয়েছিলেন অনুষ্ঠানে। এতে সংগীতশিল্পী জয়ীতাসহ যাকের পরিবারের ঘনিষ্ঠ একাধিক শিল্পী গান পরিবেশন করেন। 

গায়ে হলুদের স্টেজসহ পুরো ঘর ডেকোরেশন করেছে ইরেশ বোন শ্রিয়া সর্বজয়ার হোম ডেকর প্রতিষ্ঠান ‘আউট অব দ্যা ব্লু স্টুডিও।’

ভাইয়ের বিয়েতে ঘর সাজাতে মায়ের (সারা যাকের) কাছ থেকেও সহায়তা নিয়েছেন শ্রিয়া। শ্রিয়া তিনি জানান, ঘর সাজাতে তার মায়ের একাধিক শাড়ি ব্যবহার করা হয়েছে।

মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শ্রিয়া বলেন, “মা’র ছেলের বিয়ে বলে কথা!”

রোববার রাজধানীর এক রেস্টুরেন্টে বিয়ের আয়োজন করা হয়েছে ইরেশ-মিমের। বিয়ে ঢাকায় হলেও তাদের বিবাহোত্তর সংবর্ধনা হবে নেপালে।

ইরেশ যাকের গ্লিটজকে বলেন, “দীর্ঘদিনের বন্ধুত্ব আমাদের। একে অপরকে জানাশোনার ভিত্তিতেই পারিবারিকভাবে বিয়েটা হচ্ছে। সবার কাছে দোয়া চাইছি।”

এর আগে গত শনিবার আংটি বদল করেন তারা। হাত বদল হওয়া সেই আংটির ছবি ইন্সটাগ্রামে প্রকাশের পর থেকেই তাদের বিয়ের গুঞ্জন উঠে। পরিবারের তরফ থেকে দেওয়া বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জনের সমাপ্তি ঘটল।

তারকা দম্পতি আলী যাকের-সারা যাকেরের পুত্র ইরেশ যাকের বাবা-মার পথ ধরেই কাজ শুরু করেন ছোটপর্দায়। পাশাপাশি বড়পর্দায়ও দেখা গেছে তাকে।

২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

মিম রশীদ ২০১৪ সালের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজাকে বিয়ে করেন তিনি। গত বছরের শুরুর দিকে অমিতাভের সঙ্গে বিচ্ছেদ ঘটে তাদের।

বর্তমানে প্রযোজনা প্রতিষ্ঠান পপকর্ণ এন্টারটেইনমেন্টে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কর্মরত আছেন।

ছবি: ফেইসবুক থেকে নেওয়া।