অবশেষে সেন্সর ছাড়পত্র পেল ‘ধূসর কুয়াশা’
দফায় দফায় কর্তনের পর সেন্সর ছাড়পত্র পেল চিত্রপরিচালক উত্তম আকাশের চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’।
ছবির প্রযোজকদের হাতে বৃহস্পতিবার সেন্সর ছাড়পত্রটি তুলে দেওয়া হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন।
তিনি বলেন, “প্রথম বারের আবেদন অগ্রাহ্য করায় কিছু দৃশ্য পরিবর্তন করে আবারও আবেদন করা হয়। সেবারও অভিযুক্ত দৃশ্যগুলো থাকায় সেন্সর ছাড়পত্র দেওয়া যায়নি। তৃতীয় বারের কর্তনের পর ছবিটির ছাড়পত্র দেওয়া হলো।”
বিষয়টি নিয়ে নির্মাতা উত্তম আকাশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নিপুণ, পুষ্পিতা পপি, নবাগত মুন্না। নিপুণ ও পুষ্পিতা দুই বান্ধবীর চরিত্রে অভিনয় করছেন।
ছবিতে একটি আইটেম গানসহ মোট পাঁচটি গান থাকছে।
