২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্রটি ‘প্রদর্শনযোগ্য নয়’

নির্মাতা উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ চলচ্চিত্রটি ‘প্রদর্শনযোগ্য নয়’ বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ড।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 10:11 PM

Updated : 25 Jul 2022, 09:06 PM

সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন গ্লিটজকে এ তথ্য জানিয়েছেন। সেন্সরবোর্ডের এ সিদ্ধান্তের ফলে ছবিটি মুক্তিতে আবারও অনিশ্চয়তা তৈরি হলো।

কী কারণে ছবিটির ছাড়পত্র দেওয়া হলো না?

মুন্সী জালাল গ্লিটজকে বললেন, “একাধিক কারণে ছবিটির ছাড়পত্র দেওয়া হয়নি। এর মধ্যে আছে, সিনেমার কাহিনি অসংলগ্ন। গল্পটা কীভাবে এগিয়ে যাচ্ছে দর্শকরা কোনো ধারণা পাবেন না। এতে আইনশৃংখলা বিরোধী অনেক কর্মকাণ্ড তুলে আনা হয়েছে। এর মধ্যে আছে, শিশু পাচার, ধর্ষণ, নারীকে নিলামে তুলে বিক্রি করা।

তার বিপরীতে যে ধরনের সামাজিক প্রতিরোধ সিনেমায় প্রত্যাশিত ছিল তার কিছুই উঠে আসেনি। আইনশৃংখলা বাহিনিকে হাস্যকর হিসেবে উপস্থাপন করা হয়েছে।”

চলতি বছরের জুলাইয়ে সেন্সরে জমা দেওয়া হয়। সেন্সরবোর্ড সেই আবেদনকে অগ্রাহ্য করে।

“এর ত্রিশ দিনের মাথায় আপিল বোর্ডে আপিল করার নিয়ম থাকলেও পরিচালক তা করেননি। পরে পরিচালক রিভাইজড ভার্সনটা জমা দিয়েছে সেপ্টেম্বরের দিকে। পুনঃনিরীক্ষা শেষে দেখা যায়, যে কারণে ছবির ছাড়পত্রের আবেদন বাতিল করা হয় সেই উপাদানগুলো আবারও সিনেমায় রয়ে গেছে। ফলে দ্বিতীয়বার আবেদন বাতিল করা হয়।”-বললেন মুন্সী জালাল।

বিষয়টি নিয়ে ছবির নির্মাতা উত্তম আকাশ গ্লিটজকে বললেন, “সিনেমায় বৈচিত্র থাকতে হবে। সমাজে কি নারী নির্যাতন হচ্ছে না, মানুষকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে না। তাহলে সিনেমায় সেগুলো দেখালে সমস্যা কী?

আমি সাতাশটারও বেশি চলচ্চিত্র করেছি। আর আমার সিনেমা অশ্লীলতার দায়ে আটকে দেওয়া হলো।

সেন্সরবোর্ডে যারা আছেন তারা তো পাবলিকের ইমোশন বোঝেন না। পরিচালক হিসেবে আমার দুঃখবোধ হয়।”

এ নির্মাতার দাবি, সিনেমাটি তৈরির পর এমন কোনো কিছু দৃষ্টিগোচর হয়নি যে কারণে ছবির ছাড়পত্রের আবেদন বাতিল করা হবে।

তিনি বললেন, “রিভাইজড ভার্সন জমা দেওয়ার পর প্রথমে সাতজন বোর্ড-মেম্বার ছবি দেখেন। তখন কোনও সমস্যা পাননি। কিন্তু পরে আবার তিনজনকে দেখানো হলো। তখন নাকি ছবির সমস্যা পাওয়া গেল। এটা কেমন কথা?”

এই পরিপ্রেক্ষিতে তাহলে সিনেমাটির ভবিষ্যত কী?

মুন্সী জালালের পরামর্শ, “আবারও আপিল বোর্ডে আপিল করতে হবে। তারপর নিয়মতান্ত্রিকভাবে আপিল বোর্ডের নির্দেশনায় কাজ করতে হবে। সব কিছু ঠিক থাকলে তো ছবির ছাড়পত্রের কোনো বাধা নেই। যতবার ছাড়পত্রের আবেদন বাতিল করবে সেন্সরবোর্ড ততবার আপিল বোর্ডে প্রযোজকের আপিল করার সুযোগ থাকবে।”

কী ভাবছেন নির্মাতা?

সেন্সরবোর্ডর বাতলে দেওয়া পথে শুরুতে আপিল বোর্ডে আপিল করবেন নির্মাতা। সেখানেও ছাড়পত্রের প্রক্রিয়া না এগোলে হাইকোর্টে রিট করবেন বলে জানালেন তিনি।