২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’

আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 06:16 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

‘সুস্থ চলচ্চিত্র সুস্থ দর্শক’ এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ ছয় দশক ধরে বিশ্বের নানান ধারার চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ চলচ্চিত্র শিল্পের প্রসারে বিশেষ অবদান রাখছে।

তারই ধারাবাহিকতায় ১৭বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪২৪’ উৎসব। এই চলচ্চিত্র উৎসবে দুই বাংলার ধ্রুপদী ও সমসাময়িক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে প্রদর্শিত হবে চলচ্চিত্রগুলো। এবারের উৎসবে দ্বিতীয়বারের মতো প্রদান করা হবে হীরালাল সেন পদক।

সংগঠনটির তথ্য ও গবেষণা সম্পাদক নির্ঝর উৎসব প্রসঙ্গে গ্লিটজকে বলেন, “প্রতি বছর ফেব্রুয়ারি মাসে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে সংসদ আয়োজন করে 'আমার ভাষার চলচ্চিত্র' শীর্ষক চলচ্চিত্র উৎসব।

এটি বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর সর্ববৃহৎ আসর, যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের স্বর্ণোজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্রকে তুলে ধরা হয় সাধারণ দর্শকের কাছে।”

তিনি জানান, এবারের উৎসবে পদক প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিকভাবে সম্প্রতিমুক্তিপ্রাপ্ত ‘হালদা’, ‘ভুবন মাঝি’, ‘খাঁচা’ ও ‘রীনা ব্রাউন’ চলচ্চিত্রগুলো নির্বাচন করা হয়েছে। চলচ্চিত্রগুলো জুরিদের কাছেও পাঠানো হয়েছে।

১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত।