ছাড়পত্রের অপেক্ষায় ‘একটি সিনেমার গল্প’
সেন্সরে বোর্ডে জমা পড়েছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। খুব শিগগিরই ছবিটির ছাড়পত্র দেওয়া হবে বলে জানা গেছে সেন্সরবোর্ডে সূত্রে।
সেন্সর বোর্ড সচিব মুন্সী জালাল উদ্দিন গ্লিটজকে জানান, গত মঙ্গলবার ছবিটি সেন্সরবোর্ডের সদস্যরা দেখেছেন। কয়েকদিনের মধ্যেই সেন্সর সনদ দেওয়া হবে।
পরিচালক আলমগীর বলেন, “এখনও মুক্তির তারিখ নির্ধারণ করা হয়নি। সেন্সর সার্টিফিকেট হাতে পাওয়ার পরপর তারিখ নির্ধারণ করবেন। পহেলা বৈশাখের দিকে মুক্তি দেওয়ার প্রাথমিক প্ল্যান আছে। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
চিত্রনায়ক আলমগীরের নিজস্ব প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হয়েছে ছবিটি।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ঋতুপর্ণা, আরিফিন শুভ, সৈয়দ হাসান ইমাম, সাদেক বাচ্চু, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলিসহ আরও অনেকে।
