২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন্মদিনে নায়করাজকে নিয়ে গান

নায়করাজকে নিয়ে গান গাইলেন গায়ক, সুরকার সংগীত পরিচালক সুমন কল্যাণ।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 05:53 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

‘তুমি সূর্য, তুমি আলো/আঁধারের পথে আগুন জ্বালো/কালের যাত্রী তুমি, তোমার নাই তো শেষ/তুমি নায়করাজ কোটি প্রাণের রেশ’-এমন কথায় নায়করাজ রাজ্জাককে গানের সুরে বাঁধলেন সংগীতশিল্পী সুমন কল্যান। গানটির কথা লিখেছেন আবু সায়েম চৌধুরী।

২৩ জানুয়ারি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা প্রয়াত নায়করাজ রাজ্জাকের জন্মদিন। এ দিনটিকে উপলক্ষ করেই গানটি গাইলেন সুমন কল্যান। এটি প্রযোজনা করেছে লেজার ভিশন।

সুমন কল্যান বললেন, “ছোটবেলা থেকেই আমি নায়করাজ রাজ্জাকের ভীষণ ভক্ত। আবু সায়েম চৌধুরী ভাই গানটির কথা দেখালে খুব ভালো লেগে যায়। তারপর গানটি বানাই।

নায়ক রাজ রাজ্জাক ছিলেন বাংলা চলচ্চিত্রের বটগাছ। তার ছায়ায় থেকেই অনেকে বড় হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং দায়িত্ববোধ থেকে গানটি করেছি।

আশাকরি গানটির ফলে পরবর্তী প্রজন্মও তার সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে।”

তিনি আরো বলেন, “নায়ক বলতে এখনও আমি রাজ্জাককেই বুঝি। ছোটবেলা থেকেই তিনি আমার হিরো। জন্মদিনে গানটি তার জন্য আমার উৎসর্গ। আমার বিশ্বাস গানটি সবার মনে ধরবে।”

সোমবার রাতে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে গানটির লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে।