শাহজাহানপুর চিরঘুমে শাম্মী আক্তার
রাজধানীর শাহজাহানপুরের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণী সংগীতশিল্পী শাম্মী আক্তার।
বুধবার বিকেল ৪টায় তার দাফন করা হয় হয়। তাকে শেষবারের মতো বিদায় জানাতে রফিকুল আলম, খুরশীদ আলম, শফিক তুহিন, সৈয়দ আবদুল হাদী, মাইনুল ইসলাম খান, খুরশিদ আলম, রফিকুল আলম, এস ডি রুবেল, প্রিন্স মাহমুদসহ আরও অনেকে উপস্থিত হয়েছিলেন শাহজাহানপুরে।
এর আগে শান্তিনগর চামেলীবাগের আমিনবাগ মসজিদে নামাজে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
‘ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না’, ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ ,‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’- এ রকম অনেক জনপ্রিয় গানের এ শিল্পীর মৃত্যু হয় মঙ্গলবার বিকেলে। ৬২ বয়সী এ শিল্পী প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর ২০১৭ সালে অক্টোবরে সংগীত সংগঠন সমন্বয় পরিষদ তার চিকিৎসায় অর্থ সাহায্য চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ লাখ টাকা দিয়েছিলেন।
১৯৭৭ সালে তিনি ঘর বাঁধেন আরেক সঙ্গীতশিল্পী আকরামুল ইসলামের সঙ্গে। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া।
