শোক বইছে সংগীতাঙ্গনে
জনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই। তার মৃত্যুতে শোক জানিয়েছেন সংগীতাঙ্গনের অনেকেই।
ক্যান্সারের সঙ্গে পাঁচ বছর লড়াই করে অবশেষে হার মানলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মৃত্যুবরণ করেন তিনি।
প্রিয় শিল্পীর মৃত্যুতে শোক নেমে এসেছে সংগীতাঙ্গনে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেন শোক বই।
শোক জানিয়েছেন সংগীতশিল্পী রুনা লায়লা, তিমির নন্দী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, আসিফ আকবরসহ অনেকেই।
‘ভালোবাসলেই সবার সাথে ঘর বাঁধা যায় না’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাম্মী আক্তার।
তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘এই রাত ডাকে, এই চাঁদ ডাকে, হায় তুমি কোথায়’, ‘আমার মনের বেদনা বন্ধু ছাড়া বুঝে না’, ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’, ‘আমার নায়ে পার হইতে লাগে ষোল আনা’।
শাম্মী আক্তারের গানের হাতেখড়ি বরিশালের ওস্তাদ গৌরবাবুর কাছে। আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ চলচ্চিত্রে গান গাওয়ার মধ্য দিয়ে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। চলচ্চিত্রে গান গেয়েই জনপ্রিয়তা পান তিনি।
