২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এহসান রাহী’র গানে তৌসিফ-সাফার রোমান্স

এহসান রাহী’র নতুন গানে মডেল হয়েছেন তৌসিফ ও সাফা কবির।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2018, 06:39 PM

Updated : 08 Apr 2022, 05:44 PM

চলতি বছরের শুরুতে বেশ কিছু নতুন পরিকল্পনা নিয়েছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস) ।

তারই একটি, সপ্তাহের প্রতি বৃহস্পতিবার একটি করে নতুন গান প্রকাশ করবে তারা। ‘ডিএমএস থার্স্টডে’ শিরোনামে চলছে তাদের এই কার্যক্রম ।

এরই ধারাবাহিকতায় আগামী ১৮ জানুয়ারি প্রতিষ্ঠানটি প্রকাশ করছে এহসান রাহী’র গান ‘কথা দিলাম’।

গালিব সরদারের কথায় গানটির সুর করেছেন এহসান রাহী নিজেই। আর সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

গানটির ভিডিও নির্মাণ করেছেন স্বরাজ দেব। এই গানের ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ ও সাফা কবির।

গানের মূলভাব ফুটিয়ে তুলতে তৌসিফ-সাফার রোমান্স ধারণ করা হয়েছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তার আশপাশের বিভিন্ন লোকেশনে।

গান প্রসঙ্গে এহসান রাহী বলেন, “একটা লেখাকে গানে রূপ দিতে অনেক পথ পাড়ি দিতে হয়। অনেক মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা থাকে। এ গানের সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা। আশাকরি দর্শক এবং শ্রোতাপ্রিয়তা পাবে ‘কথা দিলাম’ গানটির অডিও এবং ভিডিও।”

ধ্রুব টিভি’র ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘কথা দিলাম’ গানটি শুনতে পাওয়া যাবে, ডিএমএস-এর ওয়েব সাইট, জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

শুধু মিউজিক ভিডিও নয়, ধ্রুব টিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত মুক্তিসম্ভাব্য শর্ট ফিল্ম ‘কানামাছি’তেও ব্যবহৃত হয়েছে ‘কথা দিলাম’ গানটি।