খুনে মেজাজের অপূর্ব, হাতে ছুরি
বছরের প্রথম দিন থেকে প্রচার শুরু হয়েছে মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নতুন ধারাবাহিক ‘ঘরে বাইরে’র।
রোমান্টিক চরিত্রেই বেশি দেখা মেলে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব’র। বৈচিত্রময় চরিত্রেও তার গ্রহণযোগ্যতা প্রমাণিত।
গেল বছর মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’ নাটকের চরিত্র রূপায়নের মাধ্যমে রীতিমতো বছরের সেরা আলোচিত অভিনেতা তিনি।
নতুন বছরে শুরু হচ্ছে এ অভিনেতার নতুন ধারাবাহিক ‘ঘরে বাইরে’।
মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ১ জানুয়ারি থেকে প্রচার শুরু হয়েছে নাটকটির।
খুনে মেজাজের অপূর্ব, হাতে ছুরি এমন দৃশ্যের ব্যাখ্যা দিলেন নির্মাতা নজরুল ইসলাম রাজু। বললেন, “গল্পটা মানুষের দু’টি রূপের। একটি ঘরের অন্যটি বাইরের জগতের। অপূর্বকে দর্শক দেখতে পাবেন সন্ত্রাসী চরিত্রে। যার ভেতরটা অন্যরকম।
নানা জায়গা থেকে চাঁদাবাজী করে দু:স্থ নারী ও পতিতাদের আশ্রমে সহায়তা করে সে। ঘরের ভেতর সেই অপূর্বকেই আবার দেখতে পাই খুব শান্ত-শিষ্ট ভদ্রযুবকের চরিত্রে।”
নির্মাতা আরও বলেন, “মানুষের ভেতর ও বাহির, ঘর ও বাহিরের এই দু’টি রূপ নিয়ে আমাদের চরিত্রগুলো সমাজেরই প্রতিনিধি হয়ে একে অপরের সঙ্গে মিশে থাকে। এগিয়ে যায় গল্পটা।”
রাজধানীর বিভিন্ন লোকেশনে ও আশুলিয়ায় নাটকটির শুটিং চলছে। পাশপাশি প্রতি রবি ও সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।
অপূর্ব ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, দীপান্বিতা মার্টিন, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ আরো অনেকে।
