২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জেলাশহরে ‘ঢাকা অ্যাটাক’

ঢাকা অ্যাটাক সিনেমার বিশেষ সাফল্যের ধারাবাহিকতায় ‘ঢাকা অ্যাটাক’ এখন বিশেষ ব্যবস্থায় প্রদর্শিত হতে যাচ্ছে জেলা শহর গুলোতে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 06:10 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

জেলা শহর গুলোতে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার এই বিশেষ আয়োজন আরম্ভ হতে যাচ্ছে মুন্সিগঞ্জ জেলা থেকে। পর্যায়ক্রমে বিভিন্ন জেলাতে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

এই আয়োজনের উদ্বোধনী দিনে বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের প্রধান জনাব মনিরুল ইসলাম।

মুন্সিগঞ্জ জেলার ডিসি সায়লা ফারজানা এবং পুলিশ সুপার জায়েদুল ইসলামের আয়োজনে আগামী ৫ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

তবে ‘ঢাকা অ্যাটাক’-এর এই বিশেষ প্রদর্শনীটি শুধু ডিসি ও এস পি’দের অতিথিদের জন্য সংরক্ষিত থাকবে।

এ প্রসঙ্গে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি হুইলারস-এর চেয়ারম্যান ও ঢাকা অ্যাটাক মুভির কার্য নির্বাহী প্রযোজক মোহাম্মদ আলী হায়দার বলেন, “বিভিন্ন জেলা শহর থেকে ‘ঢাকা অ্যাটাক’ দেখতে না পারার আক্ষেপ আমাদের জানিয়েছে।

বিশেষ করে বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে সিনেমা হলই নেই। সেই সব দর্শকদের কাছে ‘ঢাকা অ্যাটাক’ পৌঁছাবে। যথোপযুক্ত পরিবেশে যেন তারা ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাটি দেখতে পারে সেই ব্যবস্থা করার কাজে আমরা ব্যস্ত আছি এখন।”

এই বিষয়ে ঢাকা অ্যাটাকের পরিচালক দীপংকর দীপন বলেন,“ জেলা শহর গুলোতে সিনেমা হলের পরিবেশ যথেষ্ট মানসম্পন্ন না হওয়ায় অনেক মানুষ ইচ্ছা থাকা সত্বেও সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারেন না।

এই আয়োজনের ফলে জেলা শহরের সুধীজনেরা ঢাকা অ্যাটাক সিনেমাটি দেখতে পাবে, ভেবে ভাল লাগছে।”

গতবছর ৬ অক্টোবর বাংলাদেশে ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ঢাকা অ্যাটাক’। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার।

শুভ-মাহী ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আলমগীর, আফজাল হোসেন, এবিএম সুমন, হাসান ইমাম, লায়লা হাসান, শতাব্দী ওয়াদুদ, কাজী নওশাবা, শিপন মিত্র প্রমুখ।