২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ‘তনুশ্রী পদক ২০১৭’ প্রদান অনুষ্ঠান

১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পা রাখলো 'তনুশ্রী পদক'। নাট্যসংগঠন নাট্যধারা প্রবর্তিত সৃজনশীল ১৬জন নাট্যতরুণকে এ পর্যন্ত সম্মাননা দিয়েছে সংগঠনটি। আগামীকাল ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তনুশ্রী পদক ২০১৭’ প্রদান অনুষ্ঠান।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 08:54 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

প্রতিবছরের মতো এ বছরও একজন মঞ্চপ্রাণ নাট্যতরুণকে তার কাজের মূল্যায়ন, স্বীকৃতি, উৎসাহ এবং অনুপ্রেরণায় সম্মাননা প্রদান করবে নাট্যধারা।

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আয়োজন করা হয়েছে নাট্যধারা প্রবর্তিত সৃজনশীল নাট্যতরুণ ‘তনুশ্রী পদক ২০১৭’ প্রদান অনুষ্ঠানের এ বছরের আসর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান এবং আয়োজনের স্পন্সর প্রতিষ্ঠান অঞ্জনসের শীর্ষ নির্বাহী শাহীন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যধারার প্রধান সম্পাদক মাসুদ পারভেজ মিজু। তনুশ্রী পদক প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের দেশে পদক দেওয়ার রেওয়াজ নতুন কিছু নয়। প্রকৃত গুণীকে স্বীকৃতি ও সম্মান জানানোর প্রচলন আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। উদ্যোক্তা সংগঠনগুলোর পক্ষ থেকে প্র্রতি বছরই নিয়মিতভাবে প্রদক প্রদানের আয়োজন করা হচ্ছে।

এ ধারায় নতুন শতাব্দীতে যুক্ত হয়েছে সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক। অকাল প্রয়াত নাট্য ও নৃত্যশিল্পী তনুশ্রীর স্মৃতি ও অবদানকে বিস্মৃত হতে দিতে চায় না নাট্যধারা।

প্রাণবান তারুণ্য ও সৃজনশীলতার প্রতীক তনুশ্রীকে অনাগতকালের তারুণ্য ও সৃজনশীলতার সাথে সম্পৃক্ত রাখার উদ্দেশ্যেই এই পদকের প্রবর্তন।”

থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত, বয়সে তরুণ, সৃজনশীল কাজে উল্লেখযোগ্য স্বাক্ষর আছে যার এমন কেউই মনোনীত হবেন তনুশ্রী পদকের জন্য। যোগ্যতম নাট্যতরুণকেই যাতে পদক প্রদান করা যায় সেজন্য গোপনীয় তিনটি প্রক্রিয়ায় মনোনয়ন ও নির্বাচন সম্পন্ন করা হয়, যেখানে সংশ্লিষ্ট থাকে দেশের প্রথিতযশা নাট্যগুরু এবং খ্যাতিমান নাট্যব্যক্তিত্বগণ।

অবক্ষয় এবং অপরুচির বিরুদ্ধে সুস্থ নাট্যচর্চার লক্ষ্যে ১৯৯৩ সালের ২৪ জুন গঠিত নয় নাট্যধারা। নাট্যধারা নাটক মঞ্চায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল মূল্যবোধকে প্রাধান্য দেয়।

পেশাদারী মনোভাব নিয়ে গ্রুপ থিয়েটার আন্দোলনের চেতনায় মঞ্চে এবং পথে গত ২৫ বছর ধরে নাটক পরিবেশন করছে নাট্যধারা।