২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্পে বাংলাদেশ

থাইল্যান্ডের বিখ্যাত সুলালঙ্করণ ইউনিভার্সিটিতে ১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৪ থেকে ২৯ জানুয়ারি। এতে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 07:46 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

আন্তর্জাতিক এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ড. সাইম রানার নির্দেশনায় ‘মিউজিক অব দ্য রিভার ইন গ্রেট ডেলটা’ গীতিনাট্য পরিবেশিত হবে। পাশাপাশি ‘ট্রাডিশনাল মিউজিক অফ বেঙ্গল’ শিরোনামে কর্মশালাও পরিচালনা করবেন তিনি।

ভিয়েতনাম, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইনসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সংগীতশিল্পীরা এ ক্যাম্পে যোগ দেবেন।

এতে অংশগ্রহণ প্রসঙ্গে ড. সাইম রানা বলেন, “হাজার হাজার বছর আগে হিমালয় পাদদেশে বসবাসকরা পাহাড়ী জনপদের মানুষ নেমে এসেছিল এই সমতলভূমিতে।

নদীমাতৃক এ বদ্বীপে অভিবাসী হয়ে এসেছে নানা প্রান্তের মানুষ। মৎস শিকার আর উপযোগী আবহওয়ার লোভে ক্রমে গড়ে উঠেছে জনবসতি।

আমাদের গানের পরতে পরতে তাই নদীর ব্যবহার আছে। আজ এ বদ্বীপকে ধ্বংস করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। নদীকে ধ্বংস করলেই ধ্বংস হবে এ জনপদ। সেসব বিষয়ই ফুটে উঠবে আমাদের পরিবেশনায়।”

ড. সাইম রানার তত্ত্বাবধানে ১৬তম ইন্টারন্যাশনাল থাই কালচার ক্যাম্পে আরও যোগ দেবেন সংগীত বিভাগের পিএইচডি গবেষক স্মরণ প্রত্যয়।

তিনি ছাড়াও এই ক্যাম্পে যোগ দিচ্ছেন শিক্ষার্থী আজরিন আক্তার, ছায়েদুল হক সানি, নাদিম হোসাইন, ভাষা আশরাফ, রায়হান আনসারী, আনন্দময়ী কুন্ডু, শমিতা বালা ও তুষার মাহমুদ।

প্রসঙ্গত, আগামী ২০১৯ সালে থাইল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়েই বসতে যাচ্ছে সংগীতের বিশ্ব আসর। ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর ট্রাডিশনাল মিউজিক আইসিটিএম এর দ্বিবার্ষিক বিশ্বসভাকে কেন্দ্র করে এবারের ক্যাম্প বিশেষ গুরুত্ব পাচ্ছে ।