২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গল্পটা নিশো-অর্ষার

দুই স্বভাবের দুইজন মানুষকে নিয়ে সম্প্রতি নির্মিত হল খণ্ড নাটক ‘গল্পটা রোমিও জুলিয়েটের নয়’। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি নির্মাণ করেছেন মো. মেহেদি হাসান জনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2017, 05:21 PM

Updated : 25 Jul 2022, 09:08 PM

গল্পটা রোমিও জুলিয়েটের নয়, বরং দু’জন বিপরীতমুখী চরিত্রের তরুণ-তরুণীর । এমনই গল্পের নাটকে জুটি বেঁধেছেন আফরান নিশো ও অর্ষা। নাটকে দুজনেই দুজনের খুব কাছের বন্ধু হলেও সম্পূর্ণ বিপরীত স্বভাবের।

নিশো অভিনয় করেছেন শোভন চরিত্রে- যে প্রেমে বিশ্বাসী না। শোভনের ধারণা যে রাস্তা দিয়ে প্রেম যায় সে রাস্তা আর মরুভূমির রাস্তার মধ্যে কোনো পার্থক্য থাকে না। কয়েক ডজন প্রেমের প্রস্তাব পাওয়া সত্বেও সে কখনও প্রেমে পড়েনি।

অন্যদিকে অর্ষাকে দেখা যাবে সৈমি চরিত্রে। প্রেমে মন আছে তার। তবে সে আধুনিক প্রেমিকাদের মত নয়। সে সব সময় ক্যাজুয়াল ড্রেস পরে থাকে, প্রেমের নামে অযথা ডেটিং, রুম শেয়ারিং ঘোরাঘুরিতে বিশ্বাস করে না। এ কারণে সম্পর্কও ভেঙেছে তার।

এমনই দুই চরিত্র যখন গল্পের প্রধান চরিত্রে, তখন তা নিশ্চয়ই রোমিও-জুলিয়েটের প্রেমগাথার মতো কিছু হবার নয়।

নাটকটি সম্পর্কে নির্মাতা বললেন, “আমার অনেক ভালোলাগার একটি কাজ এটি। সব সময় ভিন্ন গল্প, ভিন্ন নাম দিয়ে নাটক নির্মাণ করার চেষ্টা করি। আশা করি আমার এই ভিন্ন চেষ্টায় দর্শকরা নিরাশ হবেন না।”

নাটকটিতে নিশো ও অর্ষা ছাড়াও অভিনয় করেছেন-উজ্জ্বল চৌধুরী, মিলি বাসার, মহাসিনা খান তাজিয়া, সিমু খানম সেলি, বিরহী মোক্তার প্রমুখ।

আর্ক এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি খুব শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।