২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ধারাবাহিক ‘ভলিউমটা কমান’

জানুয়ারি থেকে স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলায় প্রচার হবে নতুন ধারাবাহিক ‘ভলিউমটা কমান’। মারুফ রহমানের গল্পভাবনায় এটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা মারুফ মিঠু।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 07:45 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

নাটকের গল্পে দেখা যাবে, গোসল করতে গিয়ে আকবরের কানে পানি ঢোকে। যেখানে শব্দ কম সেখানে তাকে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তার। কিন্তু তার বাড়িতে সারাদিন চলে হৈচৈ। অফিস সামলে বাসায় ফিরে অসহায় কণ্ঠে তিনি বলেন, ‘ভলিউমটা কমান।’

দিনে দিনে বাড়তে থাকে সমস্যা। বাড়তে থাকে শব্দ। আকবর এখন আর কোনো সমস্যা মাথায় নিতে পারে না। কারণ সমস্যা তার মাথায় পৌঁছানোর আগেই কানে গিয়ে বসে থাকে। আকবর চিৎকার করে সবাইকে বলে, ‘ভলিউমটা একটু কমান।’

নির্মাতা মারুফ মিঠু বলেন, “হাস্যরসাত্মক গল্পের নাটকটা আনন্দ দেবে দর্শকদের। নাটকের বেশ কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে ইতিমধ্যে। ৭ জানুয়ারি থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে।”

নাটকে আকবরের চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। তিনি ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, নওশীন, ফজলুর রহমান বাবু, জেনি, খোকা ও ফারুখ আহমেদসহ আরও অনেকে।

ধারাবাহিকটি প্রযোজনা করছে গ্রুপ এম ইএসপি।