ফুয়াদের সুরে হাবিবের গান
হাবিব গাইলেন ফুয়াদের সুর ও সংগীতায়োজনে। গানটি বাংলাদেশ ও ভারতে বিভিন্ন মাধ্যমে এক সাথে প্রকাশিত হবে।
সংগীতে এক যুগের পথ চলায় কণ্ঠশিল্পী-সুরকার-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ এই প্রথম গাইলেন আরেক সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সুরে।
‘চলো না’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল। তিনিও এই প্রথম হাবিবের জন্য গান লিখলেন।
এ প্রসঙ্গে ফুয়াদ আল মুক্তাদির বলেন, “প্রথমবারের মতো হাবিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। এমন না যে, হাবিব সুর করার পর আমি শুধু মিউজিক করেছি। সুর শুরু থেকে শেষ করা পর্যন্ত ও আমার সঙ্গে শেয়ার করেছে। আমিও তাঁর সঙ্গে কথা বলে, ধারণা শেয়ার করে মিউজিক করেছি। মানে একেবারে রিয়েল কোলাবরেশন যেটাকে বলা হয়।
যারা ইডিএম পছন্দ করেন তাদের এ গান ভাল লাগবে, আবার যারা হারানো দিনের গান পছন্দ করেন তাদেরও ভালো লাগবে। আমাদের গানের নিয়মিত শ্রোতারাও এ গান এনজয় করবেন।”
আসিফ ইকবাল বলেন, “হাবিব ও ফুয়াদের কাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই। অসাধারণ সব সৃষ্টির মাধ্যমে তারা শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার তাঁদের সঙ্গে গান করেছি। কাজের অভিজ্ঞতা চমৎকার। আশাকরি গানটি সবার ভালো লাগবে।”
গানচিল মিউজিকের ব্যানারে তৈরি গানটির ভিডিও বানাবেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা তানিম রহমান অংশু।
২৬ ও ২৭ ডিসেম্বর শ্রীলঙ্কায় ভিডিওটির শুটিং হবে। এতে হাবিবের সঙ্গে মডেল হবেন শার্লিনা হোসেন। নতুন বছরের আকর্ষণ হিসেবে এই গান ও মিউজিক ভিডিও গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেল ও দেশের সব অডিও ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।
এছাড়াও কোলকাতার প্রখ্যাত প্রতিষ্ঠান এসভিএফ মিউজিকের মাধ্যমে গানটি ভারতের বিভিন্ন মাধ্যমেও একই সাথে প্রকাশিত হবে।
