বিশ্বসেরা হার্ডরক ব্যান্ডের তালিকায় চতুর্থ ওয়ারফেইজ
বিশ্বসেরা হার্ডরক ব্যান্ডের তালিকায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেইজ-এর নাম উঠে এসেছে ৪ নম্বরে।
বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট টপ টেন-এর জরিপে হার্ডরক ক্যাটাগরিতে বিশ্বখ্যাত ব্যান্ডগুলোর মধ্যে বিগত তিনবছর ধরেই সেরা দশে অবস্থান করছে ওয়ারফেইজ।
এর মধ্যে বিষয়টি ব্যান্ড ও গণমাধ্যমের নজরে এলে ভোটাভুটিতে একদিনের ব্যবধানেই বিশ্বের জনপ্রিয় ব্যান্ড মেটালিকাকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এসেছে দলটির অবস্থান।
বিশ্বের সুপরিচিত ওয়েবসাইট টপটেন ডটকমে ভক্তরা নানা ক্যাটাগরিতে তাদের পছন্দ অনুযায়ী ভোট প্রদান করতে পারেন। তাদের থেকে প্রাপ্ত ভোট থেকেই সেরাদের তালিকা প্রকাশ করে সাইটটি।
বর্তমানে সাইটটির র্যাঙ্কিং অনুযায়ী এক নম্বর অবস্থানে আছে অস্ট্রেলিয়ান ব্যান্ড এসি ডিসি, দুই নাম্বারে আছে বিশ্বখ্যাত ব্যান্ড গানস এন রোজেস, তিন নম্বরে লন্ডনের ব্যান্ড লেড জেপিলিন, ষষ্ঠ অবস্থানে বনজভি ও পঞ্চম অবস্থানে মেটালিকার ওপরেই অবস্থান করছে ওয়ারফেইজ।
এ প্রসঙ্গে ব্যান্ডদলের পক্ষ থেকে শেখ মনিরুল আলম টিপু গ্লিটজকে বলেন, “এটা খুবই আনন্দ ও সম্মানের যে সারা বিশ্বে আমাদের শ্রোতারা সক্রিয় আছেন। আমাদের অজান্তেই তারা আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন। এটি আমাদের সংগীতাঙ্গন ও দেশের জন্য সম্মানজনক একটি খবর।”
ওয়ারফেইজ ছাড়াও এ তালিকায় ২০ নম্বরে জায়গা করে নিয়েছে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড অর্থহীন ও ২৮ নম্বরে আর্টসেল।
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়া ব্যান্ড ওয়ারফেইজের এ পর্যন্ত আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। টিপু জানান, স্টেজ শো ছাড়াও তাদের বর্তমান ব্যস্ততা নতুন অ্যালবাম নিয়ে। আসছে বছরেই নতুন অ্যালবামটি প্রকাশিত হতে যাচ্ছে।
