হামিনের বিরুদ্ধে ‘আর্থিক অনিয়মের’ অভিযোগ শাফিনের
জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর সদস্য ও বড়ভাই হামিন আহমেদের বিরুদ্ধে ‘আর্থিক অনিয়মের’ অভিযোগ তুলেছেন ব্যান্ডের আরেক সদস্য শাফিন আহমেদ।
বুধবার সকাল ১১টায় মহাখালির একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
সাংবাদিকদের শাফিন বলেন, “আমার করা গান অথচ রয়ালিটি থেকে পাওয়া সমস্ত টাকা হামিন আহমেদ নেবে এটা কি মানা যায়? ৬টি কোম্পানীর সাথে সে একা চুক্তি করেছে। সমস্ত টাকা সে একা নিচ্ছে। এটা কেউই মেনে নেবেনা।”
অন্যদিকে হামিন আহমেদ অভিযোগ তুলেছিলেন শাফিন ব্যান্ডে ‘অনিয়মিত’। সে প্রসঙ্গে শাফিন বলেন, “এটা সম্পূর্ণ অসত্য। ওদের অসহযোগিতা আমাকে ব্যান্ডবিমুখ হতে বাধ্য করেছে। আমি যখন আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকটা মেইল দিয়েছি তখন হামিন এড়িয়ে গেছে। সেসব না বলে তারা বলে বেড়াচ্ছে ব্যান্ডে আমি অনিয়মিত। ব্যপারটা মারাত্মক হাস্যকর।”
বাণিজ্যিকভাবে ‘মাইলস’-এর ৮৪টি গান মুক্তি পেয়েছে। এর মধ্যে ৪৬টি গানই তার কন্ঠের বলে উল্লেখ করেন শাফিন আহমেদ।
তিনি বলেন, “ওরা বলে বেড়াচ্ছে ব্যান্ডে আমার কোনো অবদান নেই। এটুকু বুঝতে পারছি না যেটার সমস্ত তথ্য খুব সহজেই পাওয়া যাবে সেটা নিয়েও তারা কেন মিথ্যাচার করছে?”
‘মাইলস ব্যান্ড লিমিটেড’ নামে চলতি বছরের নভেম্বরে একটি ট্রেড লাইসেন্স করেন শাফিন আহমেদ।
অন্যদিকে হামিন আহমেদ, শাফিনকে ছাড়াই ব্যান্ডের কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন।
তাহলে ‘মাইলস’ কার?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাফিন আহমেদ বলেন, “মাইলস সবার। তারা যদি নিজেদের ভুল শুধরে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যান্ডের কার্যক্রম চালাতে ইচ্ছুক হয় তাহলে এই ব্যান্ড হামিন, মানামদেরও।
কিন্তু সেটা যদি না হয় তাহলে আমি আইনের সাহায্য নিয়ে ব্যান্ডের সমস্ত কার্যক্রম স্থগিত করে রাখবো। কারণ মাইলসের একটা সম্মান আছে। এটা কেউ ইচ্ছে করলেই রাস্তায় লুটিয়ে দিতে পারেনা।”
এর আগে শাফিনের বিরুদ্ধে ‘স্বেচ্ছাচারিতার’ অভিযোগ তুলেছিলেন হামিন আহমেদ। বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাফিন।
