তারকা নয়, গল্পের শক্তি দেখাবে ‘ঊনপঞ্চাশ বাতাস’
ছোটপর্দায় দীর্ঘদিন নির্মাণের পর নিজের প্রথম চলচ্চিত্র নির্মাণ করছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করছেন উজ্জ্বল। চলচ্চিত্রটির নাম ‘ঊনপঞ্চাশ বাতাস’। নির্মাণ শুরু হয়েছে অক্টোবরে। সবার অগোচরে সে তথ্য গোপন রেখেছেন নির্মাতা ও ছবির কলাকুশলীরা।
চলতি মাসেই ছবির নির্মাণ কাজ সমাপ্ত হবে। তাই ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছেন নির্মাতা। জানালেন, নতুন ছবি নির্মাণ করছেন তিনি। নির্মাণ শেষ করে সম্পাদনার কাজে শিগগিরিই যাচ্ছেন কলকাতায়।
কারা আছেন ছবিতে, কেমনইবা ছবির গল্প সেসব উন্মোচনে খুবই কৌশলী তিনি।
কারণ জানতে চাইলে গ্লিটজকে বললেন, “কেউই জানতো না। সব গুছিয়ে আনার পর জানাচ্ছি সবাইকে। আমাদের এখানে খুব বেশি বেশি সংবাদ প্রচার হয়, এটা আসলে ফিল্মের পক্ষে যায় না। গ্লোবালি এটা কোথাও প্র্যাক্টিস হয় না।
আমাদের দেশে আমি কবে একটা ফিল্ম ভাবলাম এ নিউজটাও অনেকেই করতে চায়। আমি চেয়েছি একটা নিয়মতান্ত্রিক উপায়ে যেতে। যেটা আমার ফিল্মের জন্য মঙ্গলজনক হবে।”
চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ছোটপর্দার হালের এক অভিনেত্রী। কিন্তু নাম প্রকাশে আপত্তি নির্মাতার। “এখনই নয়, একযোগে সবাইকে জানাতে চাই, খুব শিগগিরই।”
চলচ্চিত্রটির মিউজিক ডিরেক্টর নির্মাতা নিজেই। জানালেন, চলচ্চিত্রটির জন্য একটি গান গাইবেন দুই বাংলার জনপ্রিয় একজন শিল্পী। সে নামও গোপন রইল।
শুধু জানালেন, ‘ঊনপঞ্চাশ বাতাস’-নামের মানে।নামটা তার নিজের আবিষ্কার। ব্যাখ্যাটা এমন, “সকলের জীবনেই কিছু অনুভূতি থাকে যা ভাষা, প্রতীক বা শব্দে পকাশ করা যায় না, অনুভবগুলো অনুভূত হতে হতেই যেন তার প্রকাশের আকৃতি বদলে ফেলে। এই রকম অনুভূতির ইংরেজী তর্জমা হতে পারে ‘ইনকমপ্লিট ব্রেথ’; এই অসম্পূর্ণ প্রশ্বাসের চলচ্চিত্রই ‘ঊনপঞ্চাশ বাতাস’।”
গল্পটা প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিনত করতে পারে নির্জনতায়..
