পাল্টে গেলেন তাসকিন
‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন উঠতি অভিনেতা তাসকিন রহমান। খলনায়কের খোলস ছেড়ে এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ চলচ্চিত্রে রোমিও চরিত্রে আবির্ভুত হচ্ছেন তিনি।
সিনেমায় তাকে দেখা যাবে জেমি চরিত্রে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বললেন, “জেমি চরিত্রটা তাসকিনকে ভেবেই লিখেছি। ছেলেটা রোমিও। মেয়েদের পটাতে তার জুড়ি নেই। এমন একটা চরিত্রে তাসকিনের মতো সুদর্শন আর রাফঅ্যান্ডটাফ দেখতে একজনকে প্রয়োজন। আমার আশা, ভিলেনের পর রোমিও হিসেবেও তাসকিন দর্শকদের মন জয় করবে।”
বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত ‘যদি একদিন’ ছবিতে তাসকিনের সহশিল্পী কারা?
উত্তরে পরিচালক রাজ বললেন, “অন্যদের নাম এখনই প্রকাশ করছি না। এ ছবিতে আরও দুই তারকা আছেন। তাদের নামটা আপাতত চমক হয়েই থাক।”
‘যদি একদিন’ হতে যাচ্ছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পঞ্চম ছবি। তার পরিচালিত ‘প্রজাপতি’তে জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম; ‘ছায়া-ছবি’তে আরিফিন শুভ ও পূর্ণিমা; ‘তারকাঁটা’য় মৌসুমী, আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম এবং ‘সম্রাট’-এ অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও ইন্দ্রনীল সেনগুপ্ত।
‘ঢাকা অ্যাটাক’ ছাড়াও তাসকিন অভিনয় করেছেন ‘মৃত্যুপুরী’, ‘আদি’ ও ‘অপারেশন অগ্নিপথ’ ছবিতে। ‘যদি একদিন’ হতে যাচ্ছে তার পাঁচ নম্বর চলচ্চিত্র। পরিচালক রাজেরও পঞ্চম ছবি এটি।
ব্যাপারটা কাকতালীয় বললেন তাসকিন। তিনি এখন অস্ট্রেলিয়ায়। ‘যদি একদিন’-এর জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় আসবেন তাসকিন রহমান।
১৯৯০ সালে বিটিভিতে প্রচারিত ‘শীতের পাখি’ নামের একটি নাটকে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন তাসকিন।
সিডনিতে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে কারেক্টিভ সার্ভিস ডিভিশনে কাজ করছেন তিনি।
