সঞ্জয় দত্তের জীবনীতে দেখা যাবে আমিরকে?
সঞ্জয় দত্তের বাবার চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও রণবীর কাপুর অভিনীত সঞ্জয় দত্তের বায়েপিকে এক বিশেষ চরিত্রে দেখা যেতে পারে ‘দঙ্গল’ তারকা আমির খানকে।
রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিক মুক্তির আগে থেকেই রয়েছে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এ ছবিতে সঞ্জয়ের যুবক বয়সের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। শুরুতে এতে সঞ্জয়ের বাবার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছিলো আমির খানকে। তবে শেষ মুহূর্তে তা ফিরিয়ে দেন মিস্টার পারফেকশনিস্ট। তবে তারকা বহুল এ সিনেমায় অন্যান্য বলিউড অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি এক বিশেষ চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন ‘দঙ্গল’ অভিনেতা- শোনা যাচ্ছে এমনটাই।
ইন্ডিয়া টুডে জানায়, আমিরের বদলে সঞ্জয়ের বাবার চরিত্রে সিনেমায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। তবে বিশেষ অতিথি চরিত্রের জন্য আমির খানকে রাজি করাতে পেরেছেন পরিচালক হিরানী। সিনেমায় ‘মুন্নাভাই’ তারকার মা ও সাবেক বলিউড অভিনেত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করছেন মনিশা কৈরালা। সঞ্জয়ের স্ত্রী মান্যতা দত্তের ভূমিকায় দেখা যাবে দিয়া মির্জাকে।
এছাড়াও বায়োপিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বলিউড তারকা টাবু, সোনম কাপুর, আনুশকা শর্মা ও ভিকি কুশাল। ২০১৮ সালের ৩০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।
