প্রচ্ছদে ঝড় তুললেন সালমান-ক্যাটরিনা
‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমার কল্যাণে আবারও আলোচনায় সাবেক প্রেমিক জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এবারে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদ ফটোশ্যুটে তাদের আবেদনময় রসায়ন নজর কেড়েছে সকলের!
মুক্তির আগে থেকেই আলোচনায় আলী আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও পর্দা কাঁপাতে আসছেন সাবেক প্রেমিক জুটি সালমান ও ক্যাটরিনা।
মূলত এ ছবিতে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে সালমান-ক্যাটরিনা জুটির জমজমাট পর্দা রসায়ন। এবারে ‘ভোগ’ ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের প্রচ্ছদেও বাজিমাৎ করলেন তারা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি ক্যাটরিনা কাইফের টু্ইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে ‘ভোগ’ পত্রিকার প্রচ্ছদের জন্য তোলা সালমান-ক্যাটরিনার কিছু যুগল ছবি।
ছবিতে আবেদনময়ী ক্যাটরিনার পাশে সুদর্শন সালমানকে দেখে উচ্ছ্বসিত ভক্তরা! প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শোরগোল পড়েছে! সাবেক হলে কি হবে, সালমান-ক্যাটরিনার পর্দা রসায়ন যে হার মানিয়েছে বলিউডের বর্তমান যে কোনো জনপ্রিয় জুটিকেই।
২২ ডিসেম্বর মুক্তি পাবে স্পাই থ্রিলার ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০১২ সালের সাড়া জাগানো ‘এক থা টাইগার’-এর এ সিকুয়্যাল ছাড়িয়ে যাবে প্রথম ছবির সাফল্যকেও- এমনটাই আশা সালমান ভক্তদের!
