‘সমাজ-রাজনীতি পরিবর্তনের প্রভাব নারীর নাট্যচর্চায়’
স্বাধীনতা লাভের আগে-পরে সমাজবাস্তবতা ও রাজনীতিক পটপরিবর্তনের প্রভাবে নাট্যচর্চায় নারীর অংশগ্রহণ ও তাদের সৃজনক্ষমতার অভিপ্রকাশের মাত্রার ধরনও বদলে গেছে বলে মনে করেন নাট্যব্যক্তিত্বরা।
‘বাংলাদেশের গ্রুপ থিয়েটার চর্চায় নারীর সৃজনশীলতার প্রকাশ’ শীর্ষক এক সেমিনারে এমন মন্তব্য এসেছে তাদের কাছ থেকে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩৮তম বর্ষে পদার্পন উপলক্ষে বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে হয় এ সেমিনার।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজেদুল আওয়াল। আলোচনায় অংশ নেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, কেরামত মাওলা, ঝুনা চৌধুরী, লাকী ইনাম, অধ্যাপক আবদুস সেলিম, নাট্য নির্দেশক রুমা মোদক ও মুনিরা ইউসুফ মেমীসহ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্মীরা।
মূল প্রবন্ধের শুরুতেই সাজেদুল আওয়াল বলেন, “আজকে যে অঞ্চলটা বাংলাদেশে পরিণত হয়েছে, তার সমাজবাস্তবতার ধরন রাজনৈতিক পালাবদলের কারণে একেক সময়ে, একেক দশকে একেক রকম হয়েছে। এর ফলে মূল কাঠামোর মধ্যে যেমন পরিবর্তন এসেছে, তেমনি উপরি কাঠামোর উপাদানগুলোও বিবর্তিত হয়েছে। উপরি-কাঠামোর একটি উপাদান হিসেবে নাট্যক্রিয়ার ধরনও সমাজ-রাজনৈতিক রূপের পরিবর্তনের কারণে তার রূপ পাল্টেছে। নাট্যচর্চায় নারীর অংশগ্রহণ ও তাদের সৃজনক্ষমতার অভিপ্রকাশের মাত্রার ধরনও পাল্টেছে।”
“এ পথে রাষ্ট্র এগোলে নারীরাই সবচেয়ে বেশি কোণঠাসা হয়ে পড়বেন, সঙ্কুচিত হয়ে পড়বে তাদের নাট্য অভিযাত্রা। সমাজে গণতান্ত্রিকতার আবহ না এলে নারীর সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আশঙ্কাজনক হারে কমবে।”
দেশভাগ-পূর্ব পর্যায়ে নাট্যচর্চায় নারী সমাজের সম্পৃক্ততা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি বগুড়ার ‘এডওয়ার্ড ড্রামাটিক অ্যাসোসিয়েশন’, অভিনেত্রী জাহানারা লাইজু, রওশন আরা, নাট্যকার কামিনীসুন্দরী দেবী, সুকুমারী দত্তের অবদানের কথা উল্লেখ করেন। ১৮৯৮ সালে চলচ্চিত্র প্রদর্শক ক্রাউন থিয়েটারের প্রভাবে নাট্যমঞ্চের বিলুপ্তি ও সেসময়ের নাট্য চর্চার কথা তিনি তুলে ধরেন।
দেশভাগ উত্তর নাট্যচর্চায় নারী সমাজের অবদান প্রসঙ্গে বলতে গিয়ে সাজেদুল আওয়াল অধ্যাপক কুলসুম হুদা, অভিনেত্রী-নির্দেশক, রচয়িতা সাবেরী মোস্তফা, লায়লা সামাদ, কুন্দপ্রভা সেন, নীলিমা ইব্রাহীম, মালিহা হক, জোবেদা খানম, আজমেরী জামান রেশমা, সৈয়দা রওশন আরা, লিলি চৌধুরী, রাজিয়া খান আমিন, নূরজাহান মুর্শেদের অবদানের কথা তুলে ধরেন।
এ পর্বে নারীর নাট্যচর্চার ক্ষেত্রে তিনি ঢাকার ‘উয়ারী ইয়ং ড্রামাটিক অ্যাসোসিয়েশন’, ‘কৃষ্টি সংঘ’র ভূমিকা তুলে ধরেন তিনি।
সাজেদুল আওয়াল বলেন, “ওই সময় সার্বিকভাবে ধর্মনিরপেক্ষতার পাশাপাশি মানবতাবাদী মনোভাব, গণতান্ত্রিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক যে চেতনার প্রসার ঘটেছিল, তা নারী সমাজকেও সাংস্কৃতিক, রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নিতে উদ্দীপিত করে।”
স্বাধীন রাষ্ট্রে গ্রুপ থিয়েটার চর্চায় নারীর সৃজনশীলতার প্রকাশ ইস্যুতে বলতে গিয়ে তিনি এ সময়কালে নারী নাট্যকার, নির্দেশক ও অভিনেত্রীদের কথা তুলে ধরেন। পারিবারিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে নারীর নাট্যকারদের বিকাশে গ্রুপ থিয়েটার চর্চার গুরুত্বও তুলে ধরেন তিনি।
আলোচনায় যোগ দিয়ে মামুনুর রশীদ বলেন, “গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নাট্যচর্চা বা সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ তেমনভাবে বাড়েনি। সমাজের সর্বস্তরে নারীর অধিকার এখনো সুনিশ্চিত করা যায়নি। নারীরা এখনো অবহেলিত, নিপীড়িত। অধিকার আদায়ের সংগ্রাম এখনো চলছে।”
সমাজে ধর্মচর্চার প্রভাব, পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সংস্কৃতি চর্চায় এখনো প্রতিবন্ধকতা তৈরি করছে বলে মন্তব্য করেন নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও আতাউর রহমান।
সমাজ বাস্তবতার নিরীক্ষে নাট্যকর্মীরা নিজেদের অধিকার রক্ষায় করণৗয় নিজেরাই ঠিক করে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন লাকী ইনাম।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
