২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেমিকাকে আংটি পরালেন প্রিন্স হ্যারি

চলতি বছরের শুরু থেকেই ব্রিটিশ যুবরাজ এবং মার্কিন উপস্থাপক ও অভিনেত্রী মেগান মার্কেলের প্রেমের গুঞ্জন শোনা গেছে। এবারে লন্ডনের কেনসিংটন প্যালেসে মেগানকে আংটি পরিয়ে দিলেন প্রিন্স হ্যারি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 09:20 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

মিরর পত্রিকা জানায়, সোমবার লন্ডনের কেনসিংটন প্যালেসের সানকিন গার্ডেনে হাঁটু মুড়ে বসে প্রেমিকা মেগানকে ভালোবাসার কথা জানিয়েছেন যুবরাজ!

প্রিন্সেস ডায়ানার বোৎসোয়ানা থেকে আনা দামী হীরার আংটি দিয়ে মেগানকে বিয়ের প্রস্তাব করেছেন তিনি।

আংটি পরানোর পর প্রথমবারের মতো বাগদত্তা মেগানকে নিয়ে জনসমক্ষে আসলেন ব্রিটিশ ‍যুবরাজ। হাতে হাত ধরা অবস্থায় ছবিতে ধরা পড়েছেন সদ্য বাগদত্তা মেগান।

সাক্ষাৎকারে তাদের প্রথম পরিচয়, প্রেম ও আংটি বদলের অভিজ্ঞতার কথা বলেছেন তারা দু’জন।

বাগদত্তা হওয়া প্রসঙ্গে উচ্ছ্বসিত মেগান বলেন, “এটা ছিলো অসম্ভব সুন্দর একটি অভিজ্ঞতা!”

মেগানকে আংটি পরানোর অভিজ্ঞতার কথা জানিয়ে যুবরাজ হ্যারি বলেন, “সে আমাকে পুরো কথা শেষই করতে দেয়নি! তার আগেই তার সম্মতি জানিয়ে দিয়েছে! আমার হাতে ধরা আংটির দিকে ভ্রূক্ষেপ না করেই সে আমাকে জড়িয়ে ধরেছে! এরপর তাকে শান্ত করে আমি আংটি পরিয়েছি।”

প্রিন্স চার্লস ও তার প্রয়াত প্রথম স্ত্রী প্রিন্সেস ডায়ানার দ্বিতীয় সন্তান প্রিন্স হ্যারির সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কের কথা শোনা যাচ্ছিল মার্কিন অভিনেত্রী ও উপস্থাপিকা মেগান মার্কেলের। চলতি বছর সেপ্টেম্বরে সম্পর্কের কথা গণমাধ্যমে স্বীকার করেন মার্কেল।

সাক্ষাৎকারে মেগান জানান, সাংবাদিকদের চোখ এড়িয়ে প্রায় ছয় মাস চুটিয়ে প্রেম করেছেন তারা। দু’জনের এক ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে পরস্পরের সঙ্গে পরিচয় ঘটে। এরপর একে অপরের সঙ্গে নিয়মিত সাক্ষাত করেছেন তারা। এমনকি ছুটি কাটাতে জঙ্গলে ‘ক্যাম্প ফায়ার’ও করেছেন এ জুটি।

হ্যারি ও মার্কেলকে শুভেচ্ছা জানিয়েছে ব্রিটিশ যুবরাজ উইলিয়াম ও তার স্ত্রী কেইট মিডলটন। রানি এলিজাবেথের পক্ষ থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা।

বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও রাজকীয় আমেজে ব্রিটিশ রাজপরিবারের গির্জাতেই বিয়ের আয়োজন সম্পন্ন হবে বলে জানান তারা।

মার্কিন টিভি সিরিজ ‘ফ্রিঞ্জ’ ও ‘স্যুটস’-এ অভিনয় করে জনপ্রিয়তা পাওয়া মেগান (৩৬) বয়সে যুবরাজের চেয়ে চার বছরের বড়। ৩২ বছর বয়সী প্রিন্স হ্যারি বর্তমানে কর্মরত অভিজাত ব্রিটিশ সেনাবাহিনীতে।