২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকল গানের পক্ষে নির্মাতার সাফাই

মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের ‘ছোট ছোট আশা’ গানটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। অভিযোগ স্বীকার করে সাফাই গাইলেন নির্মাতা।

সাইমুম সাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 08:39 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

২০০৬ সালে মুক্তি প্রাপ্ত তামিল ছবি ‘ভেইল’-এর ‘উরুহুদে মারুহুদে’ শিরোনামে শংকর ও শ্রেয়া ঘোষালের গাওয়া গানের সঙ্গে ‘অন্তর জ্বালা’ সিনেমার গানের কথা, দৃশ্যায়ন, শিল্পীদের কস্টিউম ও সুরের মিলের অভিযোগ উঠেছিল।

সে প্রেক্ষিতে ছবির নির্মাতা মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করা হলে গ্লিটজের কাছে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, “গানটা নকল। এটা তো সুস্থ নকল। অসুবিধা কী?”

‘ভেইল’ সিনেমার নির্মাতার অনুমতি নিয়েছেন ? এ প্রশ্নের জবাবে নির্মাতাই উল্টো প্রশ্ন ছুঁড়লেন, “কেন আমি কথা বলব?”

“আমি দশটা ফিল্ম দেখে একটা ফিল্ম করি। এখান থেকে গান নিচ্ছি, ওখান থেকে এটা নিচ্ছি, কোনো এক ছবির সিক্যুয়েন্স ভালো লাগছে নিয়ে নিচ্ছি। আমি কেন অনুমতি নিতে যাবো?”

অথচ মাসখানেক আগেও এ নির্মাতা দাবী করেছিলেন, ‘অন্তর জ্বালা’ শতভাগ মৌলিক চলচ্চিত্র। এক মাসের ব্যবধানে মৌলিক চলচ্চিত্রের নকল গান নিয়ে হুল্লোড় ফেলে দিলেন তিনি।

পাল্টে ফেললেন নিজের অবস্থানও। বলেন,“আমি কখনোই মৌলিক সিনেমার পক্ষে না। আমি প্রডিউসারের টাকা দিয়ে রিমেক সিনেমা বানাতে পারব না। যা গবেষণা করি তাই বানাই। সেটা হলিউডের ছবি হোক, ভারতের ছবি হোক, কোরিয়ান হোক- কোনো ব্যাপার না। আমি ছবি দেখে ছবি বানাই।”

Image
‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের শুটিংয়ে পরীমনি ও জায়েদ খান।

‘অন্তর জ্বালা’ চলচ্চিত্রের শুটিংয়ে পরীমনি ও জায়েদ খান।

এর আগে ‘এই ঘর এই সংসার’, ‘আমি জেল থেকে বলছি’, ‘রাস্তার রাজা’, ‘উলটা পালটা’সহ বেশকিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন মালেক আফসারী। বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত পরিচালকদের মধ্যে তিনি অন্যতম।

‘মৌলিক সিনেমার বিপক্ষে’ অবস্থানকারী এ নির্মাতার আগের চলচ্চিত্রগুলোও কি মৌলিক ? তিনি বলেন, “যেটা নকল সেটা বলে দিচ্ছি। যেটা বের করতে পারেনি আজ পর্যন্ত সেটা বের করতেই পারেনি।”

তার দাবী, “সিনেমা নকল করা কোনো অনৈতিক কাজ না। সিনেমার কাজ মানুষকে আনন্দ দেওয়া। আমি মানুষকে যদি আনন্দ দিতে না পারতাম তাহলে সেটি অনৈতিক কাজ হতো।”

গানকে ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় উঠেছে। সেসব গায়ে না মাখিয়ে ও নকল বিষয়ক আলোচনাকে পাশ কাটিয়ে গানের সাফল্যকে গায়ে মাখছেন বলে জানালেন তিনি।

তার ভাষ্যে, “গান তো সুপারহিট। একটা গান নিয়ে এত আলোচনা আগে হয়নি। ভালো লাগাটাই ইন্ডাস্ট্রিকে বাঁচাবে। খারাপ লাগলে ইন্ডাস্ট্রি বাঁচবে না।”

‘অন্তর জ্বালা’র গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও মিউজিক করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও ন্যানসি।

নকলের বিষয়ে সুদীপ কুমার দীপ গ্লিটজকে বলেন, “আমাকে টিউন পাঠিয়েছিল মিউজিক ডিরেক্টর। সেটার আলোকে গানের কথা লিখেছি।”

কী বলছেন মিউজিক ডিরেক্টর? আলী আকরাম শুভ এব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জায়েদ খান-পরীমনি অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ১৫ ডিসেম্বর।