কণ্ঠশীলনের ‘নরেন বিশ্বাস’ পদক পেলেন আলী যাকের
বাংলা নাট্যমঞ্চে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর সাংস্কৃতিক সংগঠন কণ্ঠশীলন প্রবর্তিত ‘নরেন বিশ্বাস’ পদক পেলেন নাট্যব্যক্তিত্ব আলী যাকের।
শনিবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে তার হাতে এ পুরস্কার তুলে দেন কণ্ঠশীলনের সভাপতি সন্জীদা খাতুন।
১৯৯৮ সালের ১৬ নভেম্বর নরেন বিশ্বাসের প্রয়াণের পরের বছর থেকে তার স্মরণে এই পদক প্রবর্তন করে কণ্ঠশীলন।
শনিবারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, এসেছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে আলী যাকের বলেন, “বাঙালি হিসেবে নিজেকে চিনতে পারাই হচ্ছে সংস্কৃতির বড় কথা। রমনা বটমূলে নববর্ষের অনুষ্ঠানে এসে সংস্কৃতির প্রতি কেমন এক অন্য টান অনুভব করলাম। সেই থেকে জড়িয়ে গেলাম সংস্কৃতি অঙ্গনে।”
তরুণদের প্রমিত বাংলা না শেখায় হতাশা প্রকাশ করেন অধ্যাপক আনিসুজ্জামানও।
তিনি বলেন, “সংস্কৃতির দুটো দিক, একটি বস্তুগত ও অপরটি মানসগত। হাজার বছরের সংস্কৃতির মৌলিক পরিবর্তন ঘটছে বৈশ্বিক প্রভাবে। বস্তুগত পরিবর্তন হলেও মানসিক পরিবর্তন হচ্ছে না। আমাদের ছেলে-মেয়েরা বাংলা ভালো বলছে না। যতদিন পাকিস্তানের অন্তর্গত ছিলাম তখন যেভাবে বাংলাকে আঁকড়ে ধরেছিলাম, স্বাধীনতার পর সেভাবে ধরছে না। বিদেশে পড়তে যাওয়া বা সংস্কৃতিচর্চায় কোনো দোষ নেই। তবে শেকড়টিকে যেন উপড়ে না ফেলে। নরেন বিশ্বাস ও আলী যাকেরদের সাধনাই হচ্ছে সেই শেকড়কে আঁকড়ে ধরার।”
অনুষ্ঠানের সভাপতি সন্জীদা খাতুন বলেন, “আজকে অনেকে আবৃত্তি বা সংগীতচর্চা করে টেলিভিশন পর্দায় যাওয়ার জন্য। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সংস্কৃতিকে ধারণ করতে হবে, অনুধাবন করতে হবে।”
আয়োজনের শুরুতেই সঙ্গীত পরিবেশন করেন সুমন মজুমদার ও সেঁজুতি বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন কণ্ঠশীলনের সাধারণ সম্পাদক জাহীদ রেজা নূর। এর পর নরেন বিশ্বাস ও আলী যাকেরের কর্মময় জীবনের উপর প্রদর্শিত হয় দুইটি তথ্যচিত্র। নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ রচিত আলী যাকেরের প্রশংসাবচন পাঠ করেন আবদুস সবুর খান চৌধুরী।
শেষে ছিল দেশ বরেণ্য বাচিকশিল্পীদের পরিবেশনায় আবৃত্তি। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম, আশরাফুল আলম, ডালিয়া আহমেদ, লায়লা আফরোজ, রূপা চক্রবর্তী, এনামুল হক বাবু, বেলায়েত হোসেন, মাহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মাসকুর-এ-সাত্তার কল্লোল।
